বিজয় দিবসে তিশার ‘চিৎকার’

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১১:০৯ পিএম

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সমানতালে কাজ করছেন নাটক ও সিনেমায়। তবে এখন তিনি কাজ করছেন বেছে বেছে। আগে মাসের বেশিরভাগ দিন টিভি নাটকে সময় দিলেও এখন তা অনেক কমে গেছে। সিনেমার ব্যস্ততার ফাঁকে খুব ভালো গল্প হলে নাটকে অভিনয় করেন। বিশেষ দিবসে তার উপস্থিতি থাকে। গেল কোরবানির ঈদেও অল্পকিছু নাটকে তাকে দেখা যায়। সেগুলো বেশ জনপ্রিয়তা পায়। এবার তিশা হাজির হচ্ছেন বিজয় দিবসের বিশেষ নাটক নিয়ে। নাটকটির নাম ‘চিৎকার’। পরিচালনা করেছেন সীমান্ত সজল। নাটকটি মাছরাঙা টিভিতে আসছে ১৬ ডিসেম্বর রাতে প্রচার হবে। তবে এখনো প্রচারের সময় নির্ধারিত হয়নি। এ নাটকে তিশা একজন গ্রামের স্কুল শিক্ষিকা আলো। গ্রামে থাকলেও তিনি সমাজ সচেতন মানুষ। গ্রামের একটি নিরীহ মেয়ে ধর্ষণের শিকার হয় সেই গ্রামেরই একজন যুবকের দ্বারা। কিন্তু অর্থ আর প্রতিপত্তির বলে ধর্ষক কোনো শাস্তি পায় না। সমাজে দরিদ্র আর অসহায় হয়ে জন্ম নেওয়াই যেন পাপ। ধর্ষিত মেয়েটিকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয় আত্মহত্যার মাধ্যমে। এই ঘটনায় স্কুল শিক্ষিকা আলোর বিবেক নাড়া দিয়ে ওঠে। তিনি প্রতিবাদ করতে চান। কিন্তু তার বাবা তাকে বোঝানÑ একটি আলো দিয়ে প্রতিবাদের মিছিল হয় না। তখন আলো তার বাবাকে বলেনÑ একটি আলোর মাধ্যমেই শত শত আলো ছড়িয়ে পড়বে শত শত আলোর মাঝে। তখনই হবে আলোর মিছিল।

নাটকটিতে অভিনয় করে তিশা বেশ তৃপ্ত। তা বোঝা গেল তার কথায়, ‘অনেকদিন পর ভালো গল্পের একটি নাটক করলাম। আমরা বিজয় দিবসের নাটক বলতে বুঝি, ১৯৭১ সালের কোনো গল্প। এই পটভূমিতে অনেক নাটক-সিনেমা হয়েছে। সামনে আরও হবে। এর বাইরে আরও অনেক বিষয় আছে যা নাটক-সিনেমায় তুলে ধরা দরকার। চিৎকার তেমনি একটি নাটক।’ তিনি আরও বলেন, ‘বিজয় দিবস আমদের স্মরণ করিয়ে দেয় দেশের জন্য শহীদদের আত্মদানের কথা। বীরাঙ্গনাদের আত্মসম্মান দানের কথা। তাই এ দিবসের নাটকে দেশপ্রেমের নতুন নতুন গল্প উঠে আসা উচিত। যেমন চিৎকার নাটকে উঠে এসেছে এ সময়ের বাকস্বাধীনতার গুরুত্বের কথা, সমাজে সুশাসন প্রতিষ্ঠার কথা।’এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে তিশা অভিনীত দীপঙ্কর দীপনের আলোচিত সিনেমা ‘ঢাকা ২০৪০’। এতে আরও অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও নুসরাত ফারিয়া। গত জুনে শ্যুটিং শুরু হয়। সিনেমাটি আগামী বছর মুক্তির জোর সম্ভাবনা রয়েছে। এর অনেক আগে আরেকটি সিনেমা মুক্তির জন্য তৈরি হয়ে আছে। স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’। বিদেশে সিনেমাটি প্রশংসিত হলেও দেশে এখনো মুক্তি পায়নি। সেন্সর বোর্ডের আপত্তি রয়েছে সিনেমাটি নিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে তিশা অভিনীত ‘ইতি তোমারই ঢাকা’ সিনেমাটি। এই সিনেমার ১১টি গল্পের সর্বশেষ গল্পটিতে তিনি কাজ করেছেন। তার চরিত্রের মাধ্যমে নারীর ব্যক্তিত্বের টানাপড়েন তুলে ধরা হয়েছে। এছাড়া এ বছরই তার ‘মায়াবতী’ সিনেমাটি মুক্তি পায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত