অ্যান্থোলজি সিরিজ ‘ঊনলৌকিক’

আপডেট : ২৭ জুন ২০২১, ০১:৩৬ এএম

৫টি ভিন্ন স্বাদের গল্প নিয়ে চরকিতে মুক্তি পেতে যাচ্ছে অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘ঊনলৌকিক’। এটি দিয়েই ঈদুল আজহায় প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হচ্ছে। সিরিজটি পরিচালনা করেছেন রবিউল আলম রবি। গল্পগুলো লিখেছেন শিবব্রত বর্মন। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প নিয়ে সাজানো ‘ঊনলৌকিক’-এ অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, ইরেশ যাকের, রাফিয়াথ রশীদ মিথিলা, মোস্তফা মনোয়ার, সোহেল ম-ল, ফারহানা হামিদ, নাজিবা বাশার প্রমুখ। নির্মাতা বলেন, ‘ঊনলৌকিক’ আমার জন্য একটি বিশেষ প্রকল্প। ‘চরকি’ আমাকে সব রকম নিরীক্ষা করার সুযোগ দিয়েছে। প্রিয় লেখক শিবব্রত বর্মনের গল্পগুলো ভিত্তি হিসেবে কাজ করেছে। সালেহ সোবহান অনীমের মতো একজন চলচ্চিত্রপ্রেমী প্রযোজনায় সঙ্গে ছিল বলেই কাজটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সব মিলিয়ে অভিজ্ঞতা দারুণ সুখকর।’ চরকির প্রধান পরিচালনা কর্মকর্তা ও নির্মাতা রেদওয়ান রনি বলেন, “চরকিতে থাকছে বিভিন্ন ঘরনার বৈচিত্র্যময় কনটেন্ট। ঊনলৌকিক আমাদের নিরীক্ষামূলক একটি প্রযোজনা, যা গতানুগতিক ধারা থেকে একেবারেই আলাদা। চরকির উদ্বোধনী দিন থেকে প্রতি বৃহস্পতিবার ‘ঊনলৌকিক’-এর একটি করে পর্ব মুক্তি পাবে। প্রতিটি পর্বের রয়েছে আলাদা আলাদা নাম- ‘মরিবার হলো তার স্বাদ’, ‘দ্বিখন্ডিত’, ‘হ্যালো লেডিস’, ‘মিস প্রহেলিকা’ এবং ‘ডোন্ট রাইট মি’।” এই অ্যান্থলজি সিরিজের দীর্ঘদিন পর এবং প্রথম বারের মতো কোনো ওয়েব ফিকশনে অভিনয় করলেন আসাদুজ্জামান নূর। মহামারীকালেও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শ্যুটিংয়ের প্রতিটি মুহূর্ত তিনি উপভোগ করেছে বলে জানান। তাকে দেখা যাবে ‘ডোন্ট রাইট মি’ গল্পে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত