ঢালিউডের লাভ বার্ড

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৫ এএম

বিশ্ব ভালোবাসা দিবসে সোশ্যাল মিডিয়ার পাতা হয়ে ওঠে এক একখানা প্রেমের চিঠি। আবেগঘন বক্তব্যের সঙ্গে বর্ণিল ছবি। শোবিজ তারকারাও পিছিয়ে থাকেন না। ভালোবাসার মানুষের সঙ্গে প্রিয় মুহূর্ত শেয়ার করেন ভক্ত দর্শকের জন্য। তবে বিবাহিত তারকাদের চেয়ে অবিবাহিত তারকাদের ভ্যালেন্টাইন পোস্টের প্রতি আগ্রহ বেশি থাকে নেটিজেনদের। সব তারকা অবশ্য সেই আগ্রহকে গ্রাহ্য করেন না। নিজের প্রেমের সম্পর্ককে আড়ালেই রাখতে চান। কিন্তু সেদিক থেকে ব্যতিক্রম ঢালিউডের দুই লাভ বার্ড। নির্মাতা-প্রযোজক শাকিব সনেট আর চিত্রনায়িকা ইয়ামিন হক ববির মিষ্টি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে আসে প্রতিটি উৎসবেই। এবারের বিশ^ ভালোবাসা দিবসেও তার ব্যতিক্রম হয়নি। দুজনের একটি সেলফি পোস্ট করে সনেট লিখেছেন, ‘শুভ ভালোবাসা দিবস আমার স্বপ্নের নারীকে। মাঝে মাঝে মনে হয় তুমি বাস্তব কেউ নও, তুমি তাই যা আমি আজীবন স্বপ্ন বা কল্পনাতে দেখে এসেছি। তুমি শুধু আমার ভালোবাসা নও, আমার পুরো পৃথিবী। আমি চাই, এমন অগণিত ভালোবাসা দিবস আমরা একসঙ্গে কাটিয়ে দেব।’

নির্মাতার এই পোস্টের নিচে ভক্ত দর্শকের পাশাপাশি শোবিজের অনেকেই শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। সনেটও দেশ রূপান্তরকে জানালেন, ‘আমরা নিয়মিত একসঙ্গে ছবি পোস্ট করি না। উৎসব উদযাপনের জন্যই অল্প বিস্তর ছবি শেয়ার করি। আর যখনই তা করি, দর্শক ভক্তের অসম্ভব ভালো ফিডব্যাক পাই। তখন বুঝতে পারি তারা আমাদের একসঙ্গে দেখতে পছন্দ করেন। আমরা একসঙ্গে হাসিখুশি থাকতে পারি, সেটাই তারা কামনা করে। এবারও তাই হয়েছে। পোস্টেও নিজের অনেক কমেন্ট তো রয়েছেই, অনেকে ইনবক্সেও আমাকে শুভকামনা জানিয়েছে।’

অনেক তারকাই প্রেমের বিষয়টি লুকিয়ে রাখেন। আপনারা সেটি করেননি। এ প্রসঙ্গে সনেট বলেন, ‘দেখুন, সম্পর্কের প্রতি সততা থাকলে সেটি লুকানোর কিছু নেই। আমরা স্বপ্ন দেখি, আজীবন একসঙ্গে থাকার। এই খুশির খবরটা ভক্তদের কাছ থেকে লুকিয়ে তাদের দোয়া ভালোবাসা থেকে কেন বঞ্চিত হব? তাছাড়া এখন যুগ বদলেছে। এখন দর্শকরা মনে করেন না যে, ওমুক নায়িকা বিবাহিত, তাকে আর পছন্দ করব না। তার সিনেমা আর দেখব না? বিদ্যা সিনহা মিমের কথাই ধরুন। তিনি বিয়ের পরই তার ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাফল ছবিটি উপহার দিয়েছেন। তাই আধুনিক যুগের তারকা হিসেবে আমরা পুরনো ধারণায় বদ্ধমূল থাকতে চাই না।’

সম্পর্কের ব্যাপারে দারুণ সিরিয়াস সনেট ও ববি। এখন শুধু সানাই বাজার অপেক্ষা। বিয়েটা কবে করছেন জানতে চাইলে নির্মিাতা বলেন, ‘আমরা তো প্রতি বছরই পরিকল্পনা করি। কিন্তু কাজের চাপে আর হয়ে ওঠে না। এখন আমাদের ক্যারিয়ারের সুসময় যাচ্ছে। ববি একের পর এক ছবি করছে। আমিও ছবি পরিচালনা না করলেও ছবির সঙ্গেই আছি। বলতে গেলে, অন্য কাজের চাপে নিজের নতুন ছবির কাজটাই শুরু করতে পারছি না। আমি এই গত দুই তিন মাসে বেশকিছু বড় বাজেটের ইভেন্ট অর্গানাইজ করলাম। এখন বিপিএলের সিনেট স্ট্রাইকারের সিইও হিসেবে দায়িত্ব পালন করছি। দলটির ক্যাপ্টেন মাশরাফী বিন মোর্ত্তজা। এ বছর আমরা ফাইনালে উঠেছি। নতুন একটি দল হিসেবে বড় বড় কোম্পানির দল বা পুরনো দলগুলোকে পেছনে ফেলে ফাইনালে আসাটাই বড় ব্যাপার। এই কাজের জন্য পুরো দেড় মাস আমি মহাব্যস্ত। এরমধ্যে ববির সঙ্গে দেখাই হয়েছে ৫-৬ দিন। বুঝতেই পারছেন ব্যস্ততার মাত্রা। তবে এ বছরের শেষের দিকেও একটা সিরিয়াস পরিকল্পনা আছে। দেখা যাক কী হয়!’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত