ঈদের আমেজ শেষ হতে না হতেই ঈদুল আজহার সিনেমার ঘোষণা দিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। জানালেন, কুরবানি ঈদের জন্য ‘প্রিয়তমা’ সিনেমার শুটিং শুরু করছেন তিনি।
ছবিটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। এরইমধ্যে ছবিটির শুটিং শুরু হলেও শাকিব আগামী ৮ মে থেকে পুরান ঢাকায় অংশ নেবেন। টানা এক মাস কাজের মধ্য দিয়ে শেষ করবেন এর শুটিং।
শাকিব খান সংবাদমাধ্যমে বলেন, ‘খুব বেশি কিছু বলতে চাই না, অল্প কথায় বললে বলতে হয়, চমৎকার একটা ছবি নিয়েই হাজির হব। নিটোল প্রেম ও অ্যাকশন ধাঁচের এই ছবিতে আমাকে একেবারে অন্য রকম একটা লুকে পাওয়া যাবে, যা আগের কোনো ছবিতে দেখেনি কেউ।’
শাকিব খান সর্বশেষ শুটিং করেন ‘আগুন’ চলচ্চিত্রের। অন্যদিকে হিমেল আশরাফ দীর্ঘদিন ধরে নাটক নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন। খণ্ড ও ধারাবাহিক নাটক বানিয়ে হাত পাকানো হিমেল প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন ২০১৭ সালে। ছয় বছর পর দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে ‘প্রিয়তমা’।
