প্রাণ হাতে ত্রাণের অপেক্ষা

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৫:৪৫ এএম

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জবাবে ১৩ দিন ধরে গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রস্তুত হয়ে আছে স্থল ও নৌপথে কথিত অভিযান চালানোর জন্যও। ইতিমধ্যে উত্তর গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত দুই সপ্তাহেরও কম সময়ে গাজা ও পশ্চিমতীর মিলিয়ে নিহতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। আহত মানুষের সংখ্যাও প্রায় ১৫ হাজার। ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে সেখানে। জ্বালানির অভাবে গাজায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসাসেবা। নেই পানির সরবরাহও। উদ্বাস্তু মানুষগুলো পড়েছে চরম খাদ্য সংকটে। এখন মধ্য গাজায়ও হামলা চালাতে চায় ইসরায়েল। গতকাল গাজার বাসিন্দাদের আরও দক্ষিণে সরে যেতে বলেছে দেশটি। অবশ্য ইসরায়েল বলেছে, দক্ষিণের রাফা ক্রসিং দিয়ে শিগগিরই ত্রাণবাহী ট্রাক যাবে গাজায়। তাই গাজীবাসী যেন সহজে ত্রাণ সংগ্রহ করতে দক্ষিণের দিকে সরে যায়। অবশ্য ফিলিস্তিনি কর্র্তৃপক্ষ বলছে, ইসরায়েল সাধারণ মানুষকে দক্ষিণে সরে যেতে বলে ওই এলাকায় আবার হামলা চালাচ্ছে। এখন ত্রাণ সংগ্রহে যারা যাবে তাদের আসলে প্রাণ হাতে নিয়েই যেতে হবে।

গতকাল বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফরকালে গাজার বেসামরিক মানুষের কথা চিন্তা করে সেখানে খাবার, পানি সরবরাহের সুযোগ দিতে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে রাফা সীমান্ত ক্রসিং খুলে দিতে রাজি হয়েছে মিসর। ইসরায়েলও বলেছে ওই অঞ্চলে হামলা চালাবে না।

ইসরায়েল বলেছে, তারা মিসরকে গাজা উপত্যকায় সীমিত মানবিক সহায়তা সরবরাহের অনুমতি দেবে। গাজার একটি হাসপাতালে বিস্ফোরণে শত শত মানুষ নিহত এবং গাজার সংগ্রাম করা চিকিৎসাব্যবস্থার ওপর ব্যাপক চাপ সৃষ্টির এক দিন পর ওই অঞ্চলে ১০ দিনের অবরোধের প্রথম ফাটল দেখা দেয়।

গাজা শহরের আল-আহলি হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ার পর এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই অঞ্চলে বৃহত্তর সংঘাত রোধের আশায় ইসরায়েল সফর করার সময় পানি, খাদ্য এবং অন্যান্য সরবরাহের অনুমতি দেওয়ার ঘোষণাটি আসে। সফরকালে বাইডেন বলেন, মিসরের প্রেসিডেন্ট ক্রসিংটি খুলে দিতে এবং মানবিক সহায়তাসহ ২০টি ট্রাকের একটি প্রাথমিক দলকে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছেন। তিনি বলেন, হামাস যদি সহায়তা বাজেয়াপ্ত করে, তাহলে তা ‘শেষ হয়ে যাবে’। হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, আজ শুক্রবার থেকে এই সহায়তা কার্যক্রম শুরু হবে।

উত্তর সিনাইয়ের রেড ক্রিসেন্টের প্রধান খালিদ জায়েদ জানান, ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হওয়া সীমান্তের ওপারের রাস্তাটি মিসরকে অবশ্যই মেরামত করতে হবে। ২০০টিরও বেশি ট্রাক এবং প্রায় ৩ হাজার টন পরিমাণ সহায়তা রাফাহ ক্রসিংয়ে বা তার কাছাকাছি অবস্থান করছে। স্থানটি মিসরের সঙ্গে গাজার একমাত্র সংযোগ।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরি আল-আরাবিয়া টিভিকে বলেছেন, জাতিসংঘের তত্ত্বাবধানে সহায়তা সরবরাহ করা হবে। বিদেশি ও দ্বৈত নাগরিকদের দেশ ছাড়তে দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ক্রসিংটি স্বাভাবিকভাবে চলছে এবং (ক্রসিং) সুবিধাটি মেরামত করা হয়েছে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, বাইডেনের অনুরোধে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। এতে বলা হয়, ইসরায়েল মিসর থেকে খাদ্য, পানি বা ওষুধ সরবরাহ ‘বাধা দেবে না’, যতক্ষণ না তারা গাজা উপত্যকার দক্ষিণে বেসামরিক নাগরিকদের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং হামাসের কাছে না যায়। বিবৃতিতে জ্বালানির কোনো উল্লেখ করা হয়নি, যা হাসপাতালের জেনারেটরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

অবশ্য বাইডেন ইসরায়েল ছাড়ার পরের ২৪ ঘণ্টায় নতুন করে শতাধিক গোলা ছুড়েছে ইসরায়েলে। তাতে বিভিন্ন জায়গায় সব মিলেয়ে আরও ৪০ জন নিহত হয়েছে। এর মধ্যে গতকাল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক যখন ইসরায়েলে সফরে ছিলেন তখনো কয়েকটি হামলার ঘটনা ঘটেছে বলে দাবি আলজাজিরার। অবশ্য সুনাক নেতানিয়াহুকে বলেছেন, তার দেশ চায় চলমান এই যুদ্ধে ইসরায়েলের জয়। হামাসের মতো সন্ত্রাসীদের সংগঠন চিরতরে নিশ্চিহ্ন হোক।

যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র বেহায়ার মতো এককভাবে ইসরায়েলের পক্ষ নিলেও চীন ও রাশিয়ার অবস্থান ভিন্ন। তারা নিরপেক্ষ অবস্থানেই থাকতে চায়। তবে গাজার জন্য ২৭ টন ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইলিয়া দেনিসভ এক বিবৃতিতে বলেন, মস্কোর কাছাকাছি অবস্থিত রামেনস্কোয়ে বিমানবন্দর থেকে একটি বিশেষ উড়োজাহাজ মিসরের এল-আরিশের উদ্দেশে রওনা হয়েছে। রুশ ত্রাণসামগ্রীগুলো মিসরের রেড ক্রিসেন্টের কাছে তুলে দেওয়া হবে। তারা এগুলোকে গাজা উপত্যকায় পৌঁছানোর ব্যবস্থা নেবে। রুশ উপমন্ত্রী দেনিসভ জানান, ত্রাণসামগ্রীর মধ্যে আছে ‘আটা-ময়দা, চিনি, চাল ও পাস্তা।’

এদিকে যুদ্ধবিরোধী অবস্থানের কারণে এক সংসদ সদস্যকে বরখাস্ত করেছে ইসরায়েল। গতকাল এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, বরখাস্তকৃত ওই এমপির নাম ওফার ক্যাসিফ। ইসরায়েলবিরোধী হিসেবে বিবেচিত বিবৃতি দেওয়ার অভিযোগে বামপন্থি সংসদ সদস্য ওফার ক্যাসিফকে বরখাস্ত করার পক্ষে ভোট দিয়েছে ইসরায়েলি পার্লামেন্টের এথিকস প্যানেল বা নীতিশাস্ত্র প্যানেল।

মূলত ক্যাসিফ একটি সাক্ষাৎকারে গাজায় বিশেষ একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে অভিযুক্ত করেন। আর এই পরিকল্পনাকে তিনি ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে নাৎসিদের ‘চূড়ান্ত নিধনযজ্ঞের’ সঙ্গে তুলনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত