ঘুমন্ত শিবিরে ইসরায়েলি অভিযানে ২ ফিলিস্তিনি নিহত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৫ পিএম

অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে তুলকারেম শহরের একটি শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতরা হলেন ২২ বছর বয়সী আসিদ আবু আলি ও ৩২ বছর বয়সী আব্দুলরহমান আবু দাঘাশ।

ইব্রাহিম আল নিমার নামের এক ব্যক্তি বলেন, নিহতরা বেসামরিক নাগরিক। এদিন রাত ২টার পর ইসরায়েলি সেনাবাহিনী ক্যাম্পে প্রবেশ করে। তারা ক্যাম্পের রাস্তা ও কিছু বাড়ি ভেঙে দিয়েছে।

অপরদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এদিন নুর শামস শরণার্থী শিবিরে বিদ্রোহীদের আস্তানা ধ্বংস করতে গিয়েছিল তারা। এ সময় বিপুল সংখ্যক বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়। সেখানে সশস্ত্র ফিলিস্তিনি যোদ্ধারা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় এবং বিস্ফোরক ছোড়ে। জবাবে ইসরায়েলি সেনারাও গুলি চালায়। এতে দুই ফিলিস্তিনি নিহত হলেও এক ইসরায়েলি সেনা আহত হয়েছে।

উল্লেখ্য, গত বছরের শুরু থেকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে সহিংসতা বেড়েছে। পশ্চিম তীরে গত মঙ্গলবার থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত আট ফিলিস্তিনি নিহত হয়েছে।

জাতিসংঘ বলছে, ২০০৬ সাল থেকে ফিলিস্তিনিদের মৃত্যু গণনা শুরুর পর ২০২৩ সাল সবচেয়ে মারাত্মক বছর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। আর এই সময়ে ফিলিস্তিনি হামলায় প্রাণ গেছে ৩৫ জন ইসরায়েলির।

আরও পড়ুন: ‘নির্বাচনে সামরিক বাহিনী হস্তক্ষেপ করবে না’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত