যে ফরাসি প্রেসিডেন্টকে মনে রেখেছে চাঁদপুরের মানুষ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৫ পিএম

১৯৯০ সালের ২২ ফেব্রুয়ারি তিনদিনের সফরে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ। সঙ্গে ছিলেন তার স্ত্রী মাদাম দানিয়েল মিতেরাঁ। তখন রাজধানী ঢাকা সেজেছিল উৎসবের আমেজে।

শুধু রাজধানী ঢাকা নয়। ফ্রাঁসোয়া মিতেরাঁর আগমনের রং ছুয়েছিল গ্রামে-গঞ্জেও। দুবছর আগেই বাংলাদেশে হয়ে গিয়েছিল ভয়াবহ বন্যা। সেসময় অবশ্য বন্ধুত্বের হাত বাড়িয়ে বাংলাদেশে এসেছিলেন মাদাম মিতেরাঁ। দ্বিতীয়বার এসে গিয়েছিলেন মেঘনা বিধৌত চাঁদপুরে।

মতলব উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরের এখলাসপুর গ্রামে গিয়েছিলেন ফ্রাঁসোয়া মিতেরাঁ ও মাদাম মিতেরাঁ। সেখানে বন্যা নিয়ন্ত্রণে মেঘনা-ধনাগোদা প্রকল্পের আওতায় নির্মাণাধীন বাঁধ পরিদর্শন করেন তারা। সঙ্গে বাংলাদেশের প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ ও তার স্ত্রী বেগম রওশন এরশাদও ছিলেন।

ফরাসি প্রেসিডেন্টের আগমনে এখলাসপুর ও তার আশপাশের এলাকার সববয়সী মানুষ সেদিন জড়ো হয়েছিলেন। দুই দেশের ছোট ছোট পতাকা নেড়ে স্বাগত জানাচ্ছিলেন তারা। সঙ্গে ছিল সম্ভাষণের ব্যানার। প্রেসিডেন্ট দম্পতি পায়ে হেঁটে পাশের একটি গ্রামে গিয়েছিলেন। গ্রামের কোমলমতি মেয়েরা নৃত্যের সঙ্গে স্বাগত জানিয়েছিলেন তাদের। মাদাম মিতেরাঁ এদের অনেকের সঙ্গেই করমর্দন করেছিলেন। হাস্যোজ্জ্বল মুখ আর চোখভরা মুগ্ধতায় হাত এগিয়ে দিয়েছিলেন ছোট ছোট মেয়েরা।

সেদিনের সেই স্মৃতি এখনও মনে রেখেছে চাঁদপুরের মানুষ। দৈনিক ইত্তেফাকের মতলব (উত্তর) উপজেলা প্রতিনিধি শামছুজ্জামান ডলার স্মৃতিচারণ করে বলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের সেই সফর এই অঞ্চলের মানুষ আজও ভোলেননি। বিশেষ করে দুটি কারণে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন আমাদের মাঝে। যার অন্যতম কারণটি হলো মেঘনায় বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করা। ওই সময়ে মতলব একটি নদী ভাঙনপ্রবণ এলাকা ছিল। তখন তিনি মেঘনা নদীতে ব্লকের স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করেন। যার ফলে এই অঞ্চলটি নদী ভাঙন থেকে রক্ষা পায়।

ফ্রাঁসোয়া মিতেরাঁ এবং বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদ এখলাসপুর এলাকায় একটি বকুল গাছের চারা রোপণ করেন বলেও জানান স্থানীয় এই সাংবাদিক। সেই গাছের নামফলক এখনও রয়ে গেছে। এখানকার মানুষজন তা পরম যত্নে সংরক্ষণ করেছেন। তার লাগানো বকুল গাছের নাম অনুসারে ওই এলাকার নাম এখন বকুলতলা।

ফ্রাঁসোয়া মিতেরাঁ এবং তার স্ত্রীর বাংলাদেশ সফরের স্মৃতি এখন নতুন করে ভেসে উঠছে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের আগমনে। আজ রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে স্বাগত জানান। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। গত ৩৩ বছরে কোনো ফরাসি প্রেসিডেন্টের এই প্রথম ঢাকায় সফরে আসলেন।

আরও পড়ুন: ৮৮’র বন্যায় বাংলাদেশে ছুটে এসেছিলেন ফরাসি প্রেসিডেন্টের স্ত্রী

×
সর্বশেষ সর্বাধিক পঠিত