শজনে ডাঁটা ছাড়া শুক্তো, পাঁচমিশালি তরকারি বা মাছের ঝোল, কোনো তরকারির স্বাদ তেমন খোলতাই হয় না। অনেকেই ডাঁটা খেতে ভালোবাসেন। আবার ছোটরা একেবারেই ডাঁটা চিবোতে চায় না দাঁতে ব্যথা হওয়ার ভয়ে। কিন্তু আবহাওয়া পরিবর্তনের সময়গুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সেই প্রাচীনকাল থেকে শজনে খাওয়ার চল। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি পক্স এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগের জন্য চিকিৎসকরাও এই সবজি বেশি করে খেতে বলেন। রোগ প্রতিরোধ ক্ষমতা ছাড়াও আর কোন কোন উপকারে লাগে ডাঁটা?
শর্করার মাত্রা নিয়ন্ত্রণ : শর্করা বাড়তে পারে এমন খাবার না খাওয়া এবং শরীরচর্চা ছাড়াও প্রতিদিন খাবার পাতে ডাঁটা রাখলে কিন্তু ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
হজমে সহায়তা : শজনে ডাঁটায় রয়েছে নিয়াসিন, রাইবোফ্ল্যাবিন এবং ভিটামিন-বি-১২-এর মতো গুরুত্বপূর্ণ কিছু যৌগ। শরীরে এই যৌগগুলোর ঘাটতি মেটাতে পারে শজনে ডাঁটা। এ ছাড়াও গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে, তা-ও দূর করে।
শ্বাসযন্ত্র ভালো রাখে : এ সময় বাতাসে দূষণের মাত্রা বেড়ে যায়। তাই সর্দি-কাশি, ফুসফুসে নানা সংক্রমণজনিত ব্যাধি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নিয়মিত ডাঁটা খেলে এ সমস্যা অনেকটাই কমে।
হাড়ের স্বাস্থ্য ভালো রাখে : একটা বয়সের পর হাড়ের জোর কমে যাওয়া স্বাভাবিক। বাইরে থেকে ক্যালসিয়ামের ওষুধ না খেয়ে পাতে রাখতে পারেন শজনে ডাঁটা। এতে আছে উচ্চমাত্রায় ক্যালসিয়াম, যা হাড়ের ক্ষয় রোধ করতে সাহায্য করে।
কিডনি ভালো রাখে : কিডনি বা মূত্রাশয়ে পাথর জমার সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয় ডাঁটা। অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর এই সবজি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে।