নাক দিয়ে রক্তপাত হলে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১১:১২ পিএম

বিভিন্ন কারণে অনেকের নাক দিয়ে রক্তপাত হতে পারে। তবে নাক দিয়ে রক্তপাত কোনো রোগ নয়। অন্য কোনো রোগের বহিঃপ্রকাশ। রোগ, পরিবেশ, জন্মগত সমস্যাসহ নানা কারণে নাক দিয়ে রক্তপাত হয়। কারণ : আঘাত পেলে, হেড ইনজুরি হলে, নাকে কোনো কিছু ঢুকে গেলে, নাকে প্রদাহ বা ইনফেকশন থাকলে, নাকের ভেতর পলিপ হলে, অনেক সময় নাকের হাড় বাঁকা থাকলে, নাকে ফাংগাল ইনফেকশন হলে, নাকে টিউমার বা ক্যানসার হলে, সাইনাসের বিভিন্ন রোগের কারণেও নাক দিয়ে রক্তপাত হতে পারে। এ ছাড়া পরিবেশগত কারণেও নাক দিয়ে রক্ত পড়তে পারে। শীতপ্রধান দেশে এবং এয়ারকন্ডিশন রুমে থাকার কারণে কারও কারও ক্ষেত্রে নাক শুকিয়ে গিয়ে নাক দিয়ে রক্তপাত হতে পারে। উচ্চ রক্তচাপের সমস্যায়ও এমনটা হয়। বিভিন্ন রক্তরোগের মধ্যে হিমোফিলিয়া, পারপুরা, লিউকেমিয়া, ভিটামিন-সি এবং ভিটামিন-কে স্বল্পতা, লিভারের কোনো কোনো রোগ। কিছু ওষুধের কারণেও নাক দিয়ে রক্তপাত হতে পারে। রক্ত জমাট বাঁধতে দেয় না এমন ওষুধ সেবনের কারণেও নাক দিয়ে রক্তপাত হয়। এ ছাড়া বয়স্ক ব্যক্তিদের উচ্চ রক্তচাপ, টিউমার বা ক্যানসার হলেও নাক দিয়ে রক্তপাত হতে পারে।

রোগ নির্ণয় : নাকের এক্স-রে, নাকের এন্ডোস্কপি, রক্ত পরীক্ষা, প্রয়োজনে সিটি স্ক্যান, এমআরআই এবং অন্যান্য পরীক্ষা করার প্রয়োজন হতে পারে।

চিকিৎসা : প্রাথমিক পর্যায়ে বাসায় ১০ মিনিট ধরে নাক চেপে ধরলে সাধারণত নাকের রক্তপাত বন্ধ হয়ে যায়। আইসব্যাগ নাকের ওপর দিয়ে রাখলে অনেক সময় নাক দিয়ে রক্তপাত বন্ধ হয়। এরপরও যদি রক্তপাত বন্ধ না হয়, তাহলে রোগীকে অতি সত্বর নিকটবর্তী কোনো হাসপাতালে অথবা নাক কান গলা বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। অন্যান্য চিকিৎসার মধ্যে রয়েছে কটারি বা নাকে প্যাক দেওয়া। দক্ষ চিকিৎসকের মাধ্যমে নাকে প্যাক দিলে বেশির ভাগ ক্ষেত্রে নাকের রক্তপাত বন্ধ হয়ে যায়। নাক দিয়ে রক্তপাতের কারণ বের করে সঠিক চিকিৎসা করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত