মোহামেডানের ফুটবল ক্রিকেটের কমিটি

আপডেট : ০৩ মে ২০২১, ০৩:৫০ এএম

মোহামেডানের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ ক্লাবটির হারানো গৌরব ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে। সম্প্রতি তারা মূল দু’টি খেলা ফুটবল ও ক্রিকেটের আলাদা আলাদা কমিটির চেয়ারম্যান মনোনয়ন দিয়েছিল। শনিবার ও গতকাল তারা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে। ক্লাবটির নতুন ডিরেক্টর ইন-চার্জ কাজী ফিরোজ রশীদ স্বাক্ষরিত তালিকা দু’টিতে রাখা হয়েছে ফুটবল ও ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ ছাড়াও বেশ ক’জন ধনাঢ্য ব্যবসায়ীকে। পূর্ণাঙ্গ কমিটির পাশাপাশি সাবেক খেলোয়াড়দের নিয়ে দু’টি পৃথক টেকনিক্যাল কমিটিও ঘোষণা করেছে মোহামেডান।

ফুটবলের জন্য ২৫ সদস্যের কমিটির পাশাপাশি একটি ১১ সদস্যের টেকনিক্যাল কমিটি ও পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি করা হয়েছে। মূল কমিটির চেয়ারম্যান করা হয়েছে ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে। সম্পাদক হয়েছে পরিচিত মুখ আবু হাসান চৌধুরী প্রিন্সকে। টেকনিক্যাল কমিটিতে জাকারিয়া পিন্টু, ইমতিয়াজ সুলতান জনি, রুম্মান বিন ওয়ালী সাব্বির, হাসানুজ্জামান খান বাবলুর মতো সাবেক ফুটবলারদের রাখা হয়েছে। মোহামেডানের ২১ সদস্যের ক্রিকেট কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিগত ক্রিকেট কমিটির কো-চেয়ারম্যান মাসুদুজ্জামানকে। কমিটির সম্পাদক করা হয়েছে সাবেক ক্রিকেটার সেলিম শাহেদকে। এছাড়া দুই পরিচালক এজিএম সাব্বির ও নাসির উদ্দিন চৌধুরীকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। ক্রিকেটের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক সাবেক ক্রিকেটার আজহার হোসেন সান্টু। এছাড়া মিনহাজুল আবেদীন নান্নু, নাসির আহমেদ নাসু, হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ শিপন এই কমিটির সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত