আশির দশকের তারকা ফুটবলার ও সোনালি অতীত ক্লাবের সভাপতি হাসানুজ্জামান খান বাবলু নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কভিড-১৯ পরীক্ষা করানোর পর রাতে জানতে পারেন আক্রান্ত হওয়ার কথা।
এর আগে করোনায় আক্রান্ত হয়ে দুই সাবেক ফুটবলার এস এম সালাহউদ্দিন এবং নুরুল হক মানিক মারা যান। কিছুদিন আগে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায় এবং সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার।
বাসায় থেকে চিকিৎসা নেয়া বাবলু বলেন, ‘জ্বর-সর্দির কারণে পরীক্ষা করাতে দিয়েছিলাম। রাতে জানতে পারি পজিটিভ। এখন অবশ্য তেমন কোনো সমস্যা নেই। চিকিৎসকের পরামর্শ মতো বাসায় থেকেই ওষুধ গ্রহণ করছি।’
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ভেতর ফুটবল ব্যক্তিত্বরা করোনায় বেশি ভুগছেন। সাবেক ফুটবলার ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির দুই সদস্য ফজলুর রহমান বাবুল ও শওকত আলী খান জাহাঙ্গীর করোনায় আক্রান্ত হয়েছিলেন।
আর জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ১৮ ফুটবলারের করোনায় আক্রান্ত হওয়া নিয়ে তো রীতিমতো শোরগোল বেধে গিয়েছিল ফুটবল অঙ্গনে।