ঢাকা-১৭ আসনের নির্বাচনে অনিয়ম ও ধানের শীষের এজেন্টদের মেরে বের করে দেওয়ার অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থী আন্দালিব রহমান পার্থ। তিনি গতকাল দুপুরে ভোট চলাকালীন ইউটিউবে এক ভিডিও বার্তায় এ অভিযোগ করেন। ২ মিনিট ১৫ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমার এজেন্টদের কারো সাইন মেলে না, কারো ব্যাজ নাই, বিভিন্ন অজুহাতে বের করে দেওয়া হয়েছে। মাটিকাটা ও ভাসানটেকে কাউকে ঢুকতেই দেয়নি। মেরে বের করে দিয়েছে। সাততলায় একজন ঢুকেছে, তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এটা কী ধরনের নির্বাচন!’ তিনি অভিযোগ করেন, ‘নির্বাচনের প্রচারের প্রথম দিন থেকেই বসতে দেবে না, প্রচার করতে দেবে না, কথা বলতে দেবে না, ক্যাম্পেইন করতে দেবে না। এখন পর্যন্ত মামলা করে কমপক্ষে ৪০০ থেকে ৫০০ নেতাকর্মীকে ধরেছে। কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ নির্বাচন আমি বর্জন করছি।’ এদিকে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক)। তিনি গতকাল দেশ রূপান্তরকে বলেন, সকাল থেকেই ভোটাররা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। তিনি আন্দালিব পার্থর অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, ভোটের মালিক জনগণ। তারা যে রায় দেবে আমি তা মেনে নেব। নায়ক ফারুক ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করলেও তিনি এ আসনের ভোটার নন। ফলে নিজের ভোটও দিতে পারেননি ফারুক। তিনি বলেন, ‘আমি কালীগঞ্জের ভোটার। এজন্য ভোট দিতে পারিনি।’
×
