‘ভবিষ্যতের জন্য ভোটারদের হুমকি দিতেই গৃহবধূকে গণধর্ষণ’

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০২:৩৩ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের মাধ্যমে ভবিষ্যতের যে কোনো নির্বাচনে যাতে কেউ ভোট কেন্দ্রে না আসে সে হুমকি দেওয়া হলো বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল শনিবার দুপুরে নোয়াখালী সদর হাসপাতালে সুবর্ণচরে গণধর্ষণের শিকার গৃহবধূকে দেখতে যান।

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন- আ স ম আব্দুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, আবদুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাজাহান, বরকতউল্লা বুলু, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, জয়নাল আবেদীন ফারুখ, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দা আফিফা আশরাফি পাপিয়া, রেহানা আক্তার রানু প্রমুখ।

ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ নির্যাতনের শিকার গৃহবধূর সঙ্গে দেখা করে নোয়াখালী সদর হাসপাতালের সামনে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।

বিকেলে নোয়াখালী আইনজীবী সমিতিতে জেলার আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ মতবিনিময় করবেন। পরে তারা ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারেন বলে জানা গেছে।

এ সময় মির্জা ফখরুল বলেন, আমি বাকরুদ্ধ, নিন্দা ও প্রতিবাদের ভাষা নেই। একটি ভোটের জন্য গণধর্ষণের মতো এই ঘটনা ঘটিয়ে, ভবিষ্যতের যে কোনো নির্বাচনের জন্য ভোটারদের থ্রেট করল সরকার। যাতে ভবিষ্যতে আর কেউ ভোট কেন্দ্রে না আসে।

আ স ম আবদুর রব বলেন, ধানের শীষে ভোট দেয়ায় পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ও বর্বরতম এই ধর্ষণের ঘটনা গোটা পৃথিবীর মানবতাকে বাকরুদ্ধ করেছে। এরা শিয়াল-কুকুরের চেয়েও খারাপ।

তিনি বাংলাদেশসহ পৃথিবীর সমস্ত বিবেকবান মানুষকে জাগ্রত হয়ে সমস্বরে প্রতিবাদ করতে আহ্বান জানান।

কাদের সিদ্দিকী বলেন, স্বাধীনতার পর যেসব বীরাঙ্গনা মা-বোনদের উদ্ধার করা হয়েছিল, তাদের শরীরেও এতগুলো কামড়ের চিহ্ন পাওয়া যায়নি যা এবার ঘটেছে আমার বোনের নৌকায় একটি ভোট না দেওয়ায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত