রাবিতে আলোকচিত্র প্রদর্শনী

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০৪:০৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিযায়ী পাখি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে তিন দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। আগামী বুধবার পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

প্রদর্শনীর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

‘পরিযায়ী বসতি’ শিরোনামে এই প্রদর্শনীর আয়োজন করেছে রাজশাহীর আব্দুল খলিল পন্ডিত ফাউন্ডেশন। প্রদর্শনীতে জনসংযোগ দপ্তরের উপ-রেজিস্ট্রার আলোকচিত্রী মো. নজরুল ইসলামের ৫০টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনী সম্পর্কে আলোকচিত্রী নজরুল ইসলাম বলেন, ২০১৪ সালের শুরুর দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক হারে পরিযায়ী পাখির আগমন ঘটেছিল।

পাখিগুলো ক্যাম্পাসের নারকেল, তাল, সুপারি, আমসহ শতাধিক গাছে বসতি গড়ে তুলেছিল। তবে ওই বছরের ১৪ এপ্রিল মাসে প্রলয়ংকরী ঝড়ে তাদের আবাস বিনষ্টসহ বহু পাখি মারা যায়। বাদবাকি পাখিগুলোও পর্যায়ক্রমে ক্যাম্পাস ত্যাগ করে। এরপর ক্যাম্পাসে সেভাবে তেমন পরিযায়ী পাখি দেখা যায়নি। তাই সেসময়ের পরিযায়ী পাখির বসতির খণ্ড খণ্ড প্রামাণ্যচিত্র তুলে ধরতে এই প্রদর্শনীর আয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত