গোপালগঞ্জের কোটালীপাড়ায় অন্যকে ফাঁসানোর জন্য এক মাসের শিশু পুত্রকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক পাষণ্ড মায়ের বিরুদ্ধে। নিহত শিশুর মা ও নানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট শান্তি কুটিরের পাশের বাড়িতে রবিবার বিকেলে মর্মান্তিক এ ঘটনা ঘটে। জানা যায়, জা আর ভাশুরকে ফাঁসাতে গিয়ে মনীষা অধিকারী (২০) নিজের একমাস বয়সী শিশুপুত্র অ্যান্ড্রু সীমিয়ন মিত্রকে পানিতে ফেলে দেয় মা। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি দল বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
এ ঘটনায় শিশুটির পিতা লিংকন মিত্র বাদী হয়ে স্ত্রী মনীষা অধিকারী ও শ্বশুর অবকাশ অধিকারীকে (৫০) আসামি করে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে কথা নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ৫ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুককে রোববার বিকেলে এক ব্যক্তি ফোন করে জানান যে, শান্তি কুটিরের পাশের বাড়ির এক মাসের একটি শিশু পুত্র হারিয়ে গেছে। খবর পেয়েই তিনি ঘটনাস্থলে ছুটে যান। ওই বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের সময় শিশু অ্যান্ড্রু সীমিয়ন মিত্রের মা মনীষা অধিকারীর কথা-বার্তায় তার সন্দেহ হয়।
তিনি সাথে সাথেই ফায়ার সার্ভিসকে খবর দেন। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের লোকজন বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালিয়ে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। লিংকন মিত্র ঢাকায় চাকরি করেন। তিনি এ সময় বাড়িতে ছিলেন না।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ফারুক জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণে জা ও ভাশুরকে ফাঁসাতে গিয়ে মনীষা এ ঘটনা ঘটিয়েছে।
