খুশিতে ভাসছেন কোহলি

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০৩:৪১ পিএম

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জেতার পাশাপাশি নির্বাচিত হয়েছেন বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট খেলোয়াড়। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এমন কীর্তি গড়তে পেরে খুশিতে ভাসছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

মঙ্গলবার কোহলির এসব কীর্তির কথা জানায় মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। শুধু তাই নয়, বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন হালের সবচেয়ে সেরা এই ব্যাটসম্যান।

২০১৮ সালটা অসাধারণ ছিল কোহলির জন্য। নতুন বছরের শুরুটাও রাঙিয়েছেন দারুণভাবে। তার নেতৃত্বে সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ও ওয়ান সিরিজ জেতে ভারত।

আইসিসির বর্ষসেরা পুরস্কারে নিজের জয়জয়কারে উচ্ছ্বশিত কোহলি, “দারুণ লাগছে। এক পঞ্জিকাবর্ষ জুড়ে আপনি যে কঠিন পরিশ্রম করেছেন এগুলো তারই পুরস্কার। আমি অনেক আনন্দিত। খুব, খুবই খুশি।”

“আইসিসি থেকে বৈশ্বিক পর্যায়ে স্বীকৃতি পাওয়াটা একজন ক্রিকেটার হিসেবে আপনাকে গর্বিত করে। কারণ আপনাকে বুঝতে হবে যে, অনেক মানুষই ক্রিকেট খেলে।”

গত বছর ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই হাজারের বেশি রান করেছেন কোহলি। সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে ১৩ ম্যাচ খেলে ৫৫.০৮ গড়ে করেছেন ১৩২২ রান। এর মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি।

ওয়ানডে ক্রিকেটে মাত্র ১৪ ম্যাচ খেলে করেছেন ১২০২ রান। এর মধ্যে সেঞ্চুরি ছিল ছয়টি; গড় ছিল অবিশ্বাস্য, ১৩৩.৫৫! এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ ম্যাচে ৩০ গড়ে করেন ২১১ রান।

এর আগে ২০১৭ সালে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জেতার পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার পুরষ্কার জিতেছিলেন কোহলি। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ২০১২ সালেও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত