ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এর মধে বিএনপির ও বামজোটের কেউ মনোনয়নপত্র দেননি। বুধবার সন্ধ্যায় মনোনয়নপত্র জমাদান শেষে উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এ তথ্য জানান।
এর ফলে আওয়ামী লীগের মো. আতিকুল ইসলামের প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা মাঠে থাকবেন তারা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান, জাতীয় পার্টির মোহাম্মদ শাফিন আহমেদ, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) শাহীন খান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম (সিংহ) থেকে ববি হাজ্জাজ এবং স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আব্দুর রহিম।
রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ‘মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছিলেন ২৬ জন। আজ (বুধবার) মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। এ দিন জমা দিয়েছে মোট ছয়জন।’
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মন্ডল বলেন, ‘সংরক্ষিত ছয়টি মহিলা ওয়ার্ডে ২৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আর নতুন ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৫৮ জন।’
উত্তর সিটির বিষয়ে আবুল কাসেম বলেন, ‘এখানে মহিলাদের জন্য সংরক্ষিত ছয়টি ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৫ জন। নবগঠিত ওয়ার্ড ছিল ১৮টি এবং দুটি ওয়ার্ডে উপনির্বাচন, মোট ২০ ওয়ার্ড।’
উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘মনোয়নপত্র আমরা বাছাই করব আগামী ২ ফেব্রুয়ারি। এরপর আমরা জানাব কত প্রার্থী নির্বাচন করবে। ৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের দিন। ১০ ফেব্রুয়ারি প্রতীক দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীরা প্রচার করতে পারবেন। এর আগে কেউ প্রচার চালালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী নির্বাচন কমিশন গত বছরের ৯ জানুয়ারি এ পদে উপ-নির্বাচন এবং ডিএনসিসিতে নতুন যুক্ত ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন এবং দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল দেয়। ওই বছরের ২৬ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল।
