গুজরাটের পশ্চিমাঞ্চলের কয়েকটি গ্রামের মানুষ মকর কুমিরের সঙ্গে বসবাস করে। স্বভাবে এই কুমিরগুলো বেশ ভয়ংকর।
বিবিসি জানিয়েছে, অস্বাভাবিক এই ঘটনা দেখতে গ্রামটিতে যান ভারতের আলোচিত লেখিকা জনকি লেনিন। বন্যপ্রাণী নিয়ে তার বেশ আগ্রহ আছে।
জনকি জানিয়েছেন, এক নারীর বাড়িতে তিনি কুমির দেখতে যান। তাকে বলা হয় সকাল দশটার দিকে কুমিরগুলো জলাশয় থেকে উপরে উঠবে।
জনকি যে গ্রামে যান সেটি গুজরাটের সাবরমতি এবং মহী নদীর ওপরে অবস্থিত। এলাকাটিকে চারোটার নামে ডাকা হয়। সেখানে ৩০টি গ্রামের প্রায় ২০০ বাসিন্দা কুমিরের সঙ্গে বসবাস করেন।
প্রত্যেকটি পুকুরে একটি চিহ্ন দেয়া আছে। যেগুলো দেখে বোঝা যায় এখানে কুমির আছে। অবাক করার বিষয় হলো এই কুমিরগুলো কখনো সাধারণ মানুষকে আক্রমণ করে না। কিংবা পুকুর থেকে উঠে ঘরে চলে আসে না।
চারোটারকে স্থানীয় ভাষায় ‘সোনার পাত্র’ বলা হয়। এখানে মাইলের পর মাইল তামাক খেত রয়েছে। এমন অঞ্চলে কুমিরের মতো প্রাণী আসল কীভাবে?
কয়েক জন এলাকাবাসীর দাবি, ১৮ শতকের দিকে এই কুমিরগুলোকে পুকুরে ছাড়া হয়। কিন্তু ঐতিহাসিক কোনো প্রমাণ পাওয়া যায়নি এই যুক্তির পক্ষে।
