ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর হাতিয়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬জন। শনিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে মাইক্রোবাসটি ঘটনাস্থলে অজ্ঞাত একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়ি চাপায় ঘটনাস্থলেই চালক মোশাররফ হোসেন মুসা ও সামনে বসে থাকা চাঁপাইনবাবগঞ্জ জেলার সুজনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল মারা যান।
ঘটনার পরপরই সামনে থাকা গাড়িটি চলে যায়। পরে খবর পেয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২জনের মৃতদেহ ও আহত অবস্থায় ৬জনকে উদ্ধার করে।
পরে আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই কবিরুল হক।
