অবৈধ গোডাউন পাওয়া গেলে বাড়ির মালিকের শাস্তি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০০ পিএম

যে বাড়িতে ক্যামিক্যালের অবৈধ গোডাউন পাওয়া যাবে সেই বাড়ির মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নিবে প্রশাসন।

শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে বাড়ির মালিকদের হুঁশিয়ার করে মাইকিং করা হয়। অবৈধ গোডাউন ও কারখানার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে র‌্যাবও।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম দেশ রূপান্তরকে বলেন, যখনই অবৈধ গোডাউন ও কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে সিলগালা করা হয় তখন কারখানার মালিকেরা অন্যত্র গিয়ে বাড়ি ভাড়া নিয়ে একই কাজ করে। সাধারণত আবাসিক বাসা হিসেবে ভাড়া দিলে যে ফ্ল্যাট ১০ হাজার টাকা ভাড়া হয় সেটা গোডাউন ও নকল পণ্যের কারখানার জন্য ভাড়া দিলে দ্বিগুণ বা তিন গুন ভাড়া পাওয়া যায়। বাড়তি ভাড়ার লোভে বাড়ির মালিকেরা ঝুঁকি নিয়ে কেমিক্যালের গোডাউন ভাড়া দেয়। সে জন্য এখন থেকে যেসব বাড়িতে নকল পণ্যের কারখানা ও অবৈধ কেমিক্যাল গোডাউন পাওয়া যাবে ওই সব বাড়ির মালিককেও শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

এদিকে বাড়ির মালিকদের হুঁশিয়ারি দিয়ে মাইকিং করা হয় পুরান ঢাকায়। সিটি করপোরেশনের পক্ষে বলা হয় কারও বাড়িতে কেমিক্যালের গোডাউন বা অবৈধ কারখানা থাকলে নিজ দায়িত্বে অপসারণ করে নিতে হতে। নির্দেশ অমান্য করা হলে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট বাড়ির মালিককে বহন করতে হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া এলাকায় কোনো কেমিক্যাল বিস্ফোরকসহ অন্যান্য দাহ্য পদার্থের গোডাউনের সন্ধান পেলে তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কন্ট্রোল রুমে জানাতে অনুরোধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত