নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাট বাসায় রোজিনা আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার ইদ্রাকপুর এলাকা থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।
নিহত রোজিনা কেরানীগঞ্জ এলাকার মোমেন মিয়ার মেয়ে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল করিম জানান, গত দুই মাস আগে রোজিনা ও আরিফ ওরফে সঞ্জয় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। আরিফ স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতো আর রোজিনা গৃহিণী।
দুপুরে বাড়ির আশপাশের বাসিন্দারা রোজিনার লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে ওড়না ও মাল্টিপ্লাগের তার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
তবে নিহতের পরিবারের কাছ থেকে জানা গেছে, আরিফ ওরফে সঞ্জয় তার স্বামী নয়। আরিফ তার পরকীয়া প্রেমিক। তার স্বামী বিদেশে থাকে। স্বামীর সংসারে তার দুইটি সন্তান রয়েছে।
ধারণা করা হচ্ছে, কোনো বিষয়ে বিরোধের জের ধরে রোজিনাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান আরিফ।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, নিহত গৃহবধূর পরকীয়া প্রেমিক আরিফ ওরফে সঞ্জয়কে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
