পেছাতে পেছাতে এবার ডিসেম্বরে ঠেকেছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়া আসর এসএ গেমসের ১৩তম আসর। গত বছর আয়োজনের কথা
থাকলেও আয়োজক নেপাল তারিখ দুবার পরিবর্তন করে। সর্বশেষ সিদ্ধান্ত ছিল আসছে সেপ্টেম্বরে কাঠমু- ও পোখারায় আয়োজন করবে এই আসর। তবে সেই সিদ্ধান্তেও অনড় থাকতে পারেনি নেপাল। গত শুক্রবার থাইল্যান্ডে অলিম্পিক কমিটি অব এশিয়ার সাধারণ সভায় অংশ নিতে যাওয়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে হয় সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভা। সেখানেই সিদ্ধান্ত হয়, এই আসর হবে ১ থেকে ১০ ডিসেম্বর। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব শাহেদ রেজা।
এবার সাত দেশ নিয়ে মোট ২৭টি ডিসিপ্লিন আয়োজন করবে নেপাল। ডিসিপ্লিনগুলো হলো আর্চারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, সাইক্লিং, ফেন্সিং, ফুটবল, গলফ, হ্যান্ডবল, জুডো, কাবাডি, কারাতে, খো খো, প্যারাগ্লাইডিং, শুটিং, স্কোয়াশ, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ট্রায়াথলন, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি ও উশু। ২০১৬ সালে ভারতের আসাম ও গৌহাটিতে বসেছিল এসএ গেমসের ১২তম আসর। সেবার মাত্র ৪টি স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ।
