ইমনের ইনজুরিতে কপাল খুলল সোহেলের

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০৮:২৭ পিএম

কম্বোডিয়ার সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বুধবার ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শেষ মুহূর্তে দলে এসেছে পরিবর্তন। গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ইমন বাবু ইনজুরিতে পড়ায় দলে ঢুকেছেন সোহেল রানা।

মঙ্গলবার বিকেলে শেখ রাসেলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে পাওয়া চোট ছিটকে দেয় বসুন্ধরা কিংসের ইমন বাবুকে। তার জায়গায় ডাকা হয় আবাহনীর মিডফিল্ডার সোহেলকে।

কম্বোডিয়ার রাজধানী পনম পেনে ম্যাচটি হবে ৯ মার্চ।

সোহেল গত বছর দুঃসহ এক অভিজ্ঞতার ভেতর দিয়ে যান। ২৪ নভেম্বর সড়ক দুর্ঘটনায় হারান স্ত্রী তাসলিমা আফরিন ও তিন বছরের ছেলে আবদুল্লাহ আল আফরানকে। তাদের হারিয়ে তার জীবনে নেমে আসে অমানিশার আঁধার।

কম্বোডিয়াগামী বিমানে ওঠার আগে বললেন, ‘জাতীয় দলে খেলার আশাটা আমার চেয়ে আমার স্ত্রীই বেশি করত। আজ আমি জাতীয় দলে। অথচ আমার স্ত্রী সেটা দেখে যেতে পারল না। বেঁচে থাকলে আজকের দিনে ও-ই সবচেয়ে বেশি খুশি হতো।’

শোক কাটিয়ে এত অল্প সময়ে জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে তিনি বলেন, ‘দুর্ঘটনার পর মন শক্ত করে খেলেছি। ওদের দিকে তাকিয়ে খেলেছি যেন জাতীয় দলে সুযোগ পাই।’

শোককে শক্তিতে পরিণত করে সোহেল এখন জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। দূর আকাশ থেকে আফরান ও আফরিন যেন প্রশান্তির হাসি হাসতে পারেন, সেই উপলক্ষ আনতে চান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত