বোর্ডের নতুন চুক্তিতে কোহলির পাশে বুমরাহ

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১২:৪৬ পিএম

ডেথ ওভারে কার্যকরী বোলিংয়ের পুরস্কার পেলেন ভারতের পেসার জাসপ্রীত বুমরাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বার্ষিক নতুন চুক্তিপত্রে ‘এ-প্লাস’ ক্যাটাগরিতে উন্নতি হয়েছে তার। এই তালিকায় অপর দুই খেলোয়াড় হলেন অধিনায়ক বিরাট কোহলি ও তার ডেপুটি রোহিত শর্মা।

ভারতীয় দলে ‘এ-প্লাস’ ক্যাটাগরির তৃতীয় খেলোয়াড় হলেন বুমরাহ। এই ক্যাটাগরির প্রতি খেলোয়াড়ের পারিশ্রমিক ৭ কোটি রুপি করে।

সাবেক অধিনায়ক ও ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে রাখা হয়েছে ‘এ’ ক্যাটাগরিতে। এই তালিকায় আছেন আরো দশ ক্রিকেটার, যাদের পারিশ্রমিক ৫ কোটি ইউরো করে।

‘এ’ ক্যাটাগরিতে চমকের নাম ঋষভ পন্ত। মাত্র নয়টি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলা এই উইকেটকিপার কাম ব্যাটসম্যান ২১ বছর বয়সেই ওঠে এলেন ৫ কোটি রুপি পারিশ্রমিকের খেলোয়াড়দের তালিকায়!

এই ক্যাটাগরিতে থাকা অন্য খেলোয়াড়রা হলেন- রবিচন্দ্রন অশ্বিন, ভূবনেশ্বর কুমার, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা ও কুলদীপ যাদব।

টিভি অনুষ্ঠানে নারীদের ব্যাপারে বাজে মন্তব্য করে সমালোচিত হওয়া ওপেনার লোকেশ রাহুল ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আছেন ৩ কোটি পারিশ্রমিকের ‘বি’ ক্যাটাগরিতে। এই তালিকায় অন্য দুজন হলেন পেসার উমেশ যাদব ও স্পিনার যুজবেন্দ্র চাহাল।

এক কোটি রুপির ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন কেদার যাদব, দিনেশ কার্তিক, আম্বাতি রায়ডু, মানিশ পান্ডে, হানুমা বিহারি, খলিল আহমেদ ও ঋদ্ধিমান সাহা।

নতুন চুক্তিপত্রের মেয়াদকাল ধরা হয়েছে অক্টোবর ২০১৮ থেকে সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত

×
সর্বশেষ সর্বাধিক পঠিত