একদিন নিশ্চয় বাংলাদেশের নির্বাচনী পরিবেশ উন্নত হবে: সিইসি

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১১:১৬ পিএম

বাংলাদেশে নির্বাচনের সময় 'যুদ্ধ পরিস্থিতি' তৈরি হয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা মন্তব্য করেছেন, 'একদিন নিশ্চয় নির্বাচনের পরিবেশ ভালো হবে।'

তিনি বলেছেন, 'ভোটকেন্দ্র দখলের মতো পরিস্থিতি উন্নত বিশ্বে দেখা যায় না। যে পরিবেশ উন্নত বিশ্বে বিরাজ করছে তা নিশ্চয় এ দেশেও একদিন দেখা যাবে'।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ে নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব বলেন। 

তিনি বলেন, ভোটার যেন নিরাপদে তার বাড়ি থেকে এসে ভোট দিতে পারে ও ভোটকেন্দ্র ছেড়ে যেতে পারে সে বিষয়টি আইনশৃঙ্খলাবাহিনীকে নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, কেন্দ্রের ভেতর স্থান সংকুলন না থাকায় আমরা ভোটকক্ষ থেকে লাইভ টেলিকাস্ট করতে নিষেধ করি। কারণ এতে নির্বাচন পরিচালনায় বিঘ্ন ঘটে। 

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুকন উদ্দিন আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, ৪৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, আনসার কর্মকর্তাসহ জেলার সবকটি উপজেলার নির্বাহি অফিসার ও থানার অফিসার ইনচার্জ এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১০ মার্চ। দ্বিতীয় ধাপে দেশের ১২৯ উপজেলায় নির্বাচন হবে ১৮ মার্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত