ইসরায়েলি প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের ফোন হ্যাক করেছে ইরান। তবে ইহুদি রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনা অস্বীকার করেছেন।
রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, ইরানি গোয়েন্দা বিভাগ নেতানিয়াহুর পরিবারের সবার মোবাইল ফোন হ্যাক করে সব ধরনের তথ্য হাতিয়ে নিয়েছে।
এমনকি নেতানিয়াহুর স্ত্রী সারা এবং ছেলে ইয়াইরের ফোনও হ্যাক করা হয়েছে বলে সৌদি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ইরানের ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আহমেদ আলামুলহুদা।
তবে এ ঘটনা ঘটে কয়েক মাস আগে। মোবাইল হ্যাক করে কী ধরনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে সে সম্পর্কে কিছু নিশ্চিত হওয়া যায়নি এখন পর্যন্ত।
অবশ্য নেতানিয়াহু নিজে এখন মোবাইল ব্যবহার করেন না, তাই পরিবারের সঙ্গে যোগাযোগের সময় তাদের কথোপকথনে আড়ি পাততে তার স্ত্রী ও ছেলের ফোন হ্যাক করে তেহরান।
এ ঘটনা অস্বীকার করে নেতানিয়াহু জানিয়েছেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ বেনি গানৎজ এই গুজব ছড়াচ্ছেন। মূলত তার মোবাইলই হ্যাক হয়েছে।