নির্বাচন-পরবর্তী সহিংসতা

কিশোরগঞ্জে আহত ২ ঝিনাইদহে ১২

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১০:৩৫ পিএম

নির্বাচন পরবর্তী সহিংসতায় গতকাল মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রূপদাহ গ্রামে ১২ জন এবং কিশোরগঞ্জ সদর উপজেলার ডুবাইল এলাকায় দুই জন আহত হয়েছেন। 

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, শৈলকুপা উপজেলা নির্বাচনে আনারস প্রতীকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রিপন তার লোকজন নিয়ে পরাজিত নৌকা প্রতীকের সমর্থক হান্নানের লোকজনের ওপর হামলা চালায়। এতে নারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে কিশোরগঞ্জ সদর উপজেলার ডুবাইলে গতকাল সকালে পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহজাহান কবীর হিমেল ও বিজয়ী ভাইস চেয়ারম্যান আবদুস ছাত্তারের সমর্থকদের মধ্যে কথাকাটাকটি হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে ডুবাইল এলাকার বাক্কার মিয়ার স্ত্রী শিরিন আক্তার (২৮) ও হারুনের ছেলে বাইতুল মিয়া (২৬) আহত হয়। তাদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। শিরিন আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষের পর উভয় পক্ষের সমর্থকদের মধ্যে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত