ঢাকা প্রিমিয়ার লিগে ঘটল বিতর্কিত কাণ্ড। প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন খেলতে অস্বীকৃতি জানানোয় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ম অনুযায়ী জয়ী ঘোষণা করা হয়েছে। তবে ব্রাদার্স নিজেদের পক্ষে যুক্তি দিয়ে বলছে, সিসিডিএম বরাবর আপিল করবে তারা।
মঙ্গলবার বিকেএসপিতে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। মোহামেডান আগে ব্যাট করে ৯ উইকেটে ৩১৬ রানের পুঁজি গড়ে। কিন্তু এরপরই বৃষ্টি হানা দেয়।
বৃষ্টি থামার পর খেলা শুরু হওয়া নিয়ে হয়েছে নাটক। একপর্যায়ে ব্রাদার্স খেলতে অস্বীকৃতি জানানোয় জয়ী ঘোষণা করা হয় মোহামেডানকে।
আসলে কী ঘটেছিল ম্যাচটিতে? ম্যাচ রেফারি আকতার আহমেদ শিপারের দেওয়া তথ্য মতে ১টা ৩০ মিনিটে বৃষ্টি শুরু হয়েছিল। ২ টা ৩৫ মিনিটে থামে সেই বৃষ্টি।
আকতার আহমেদ বলেন, ‘‘মাঠ পরিদর্শনের পর ৪টা ৬ মিনিটে খেলা শুরুর সময় নির্ধারণ করা হয়। বৃষ্টি আইনে ব্রাদার্সের সামনে লক্ষ্য বেঁধে দেওয়া হয় ২০ ওভারে ১৭৪ রান। এর ১১ মিনিট আগে আমরা দুই দলের অধিনায়ককে খেলা শুরুর সময় জানাই। কিন্তু মোহামেডান মাঠে নামলেও ব্রাদার্স মাঠে নামেনি।’’
এরপর ব্রাদার্সের জন্য ৯ মিনিট অপেক্ষা করার পর আম্পায়ার ও ম্যাচ রেফারি খেলা সমাপ্ত ঘোষণা করে। মোহামেডান পেয়ে যায় জয়।
তবে ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তা আমিন খান দেশ রূপান্তরকে জানান, তাদেরকে খেলা শুরুর বিষয়টি জানানো হয় হুট করে। মাঠে নামার জন্য সেভাবে সময়ও দেওয়া হয়নি তাদের।
আমিন খান অভিযোগ করে বলেন, ৪টা ৩ মিনিটে তাদের জানানো হয় মাঠে নামার কথা। আর আগে খেলা হবে কী হবে না এমন কিছুই নিশ্চিত করে জানানো হয়নি। হলেও কত ওভারে কী সমীকরণ দাঁড়াবে কিছুই নিশ্চিত করা হয়নি।
এ ছাড়া উইকেটও খেলার অনুপযুক্ত ছিল বলে দাবি করেছেন আমিন খান। তারা সিসিডিএমে বিষয়টি নিয়ে এখন আপিল করবেন বলে জানিয়েছেন আমের খান।
মাঠ অনুপযুক্ত থাকার বিষয়ে আকতার আহমেদ শিপার বলেন, একটা জায়গা একটু ভেজা ছিল। তবে খেলার জন্য উপযুক্ত ছিল বলেই ম্যাচ শুরুর সময় নির্ধারণ করা হয়।
ঢাকা লিগের এবারের আসরে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। রিজার্ভ থাকলে হয়তো এমন ঘটনা হতো না। এদিকে ম্যাচ রেফারি ও ব্রাদার্স কর্মকর্তার কথাতে মিলছে ভিন্নতা। বোঝা যাচ্ছে, এ নিয়ে নাটক হয়তো শুরু কেবল। তা কোথায় গিয়ে শেষ হয় সেটিই এখন দেখার।
