শ্রীলঙ্কায় নতুন করে আরও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন।
রাজধানীর দক্ষিণাঞ্চলীয় দেহিওয়ালা এলাকায় একটি হোটেলে এ হামলার ঘটনা ঘটে।
রোববার সকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে ইস্টার সানডের প্রার্থনায় হামলায় দেড় শতাধিক নিহতের পর নতুন করে সপ্তম বিস্ফোরণের ঘটনা ঘটল।
পুলিশ মুখপাত্র রুয়ান গুনাসেকারার বরাত দিয়ে এএফপি একথা জানিয়েছে।
এর আগে সকালে প্রার্থনা চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে ছয়টি বিস্ফোরণ ঘটে। এতে ৩৫ জন বিদেশিসহ ১৫৬ জন নিহত হন। আহত হয়েছেন কয়েকশ’।
নিহত বিদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ডাচ নাগরিক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী কলম্বো ও আশপাশের এলাকায় চালানো হয়েছে এ সিরিজ হামলা। বিস্ফোরণের লক্ষ্যবস্তু ছিল কোচিকারে, কাটুয়াপিটিয়া, বাত্তিকালোয়া গির্জা।
এছাড়া শহরের সাংগ্রি লা, কিংসবারি এবং সিনামন গ্র্যান্ড হোটেলেও বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, দ্রুত ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। হাসপাতালে ভর্তি বেশির ভাগ মানুষের অবস্থা আশঙ্কাজনক।
এখন পর্যন্ত কেউ ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেনি।
