শচীনের কাছে পরামর্শ চান পাকিস্তানের আবিদ

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ০৩:০৮ পিএম

মাত্র দুটি ওয়ানডে খেলেই বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের আবিদ আলি। মুখিয়ে আছেন বিশ্বসেরার মঞ্চে নিজেকে মেলে ধরতে। আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য পা রাখা এই খেলোয়াড় ব্যাটিং কৌশলে আনতে চান আরও উন্নতি। সেজন্য নিজের প্রিয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কাছ থেকে পরামর্শ নিতে চান আবিদ।

আন্তর্জাতিক ক্রিকেটে আবিদের অভিষেকটা ছিল স্মরণীয়। গত মাসে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি (১১২) হাঁকান এই ওপেনিং ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটেও নজরকাড়া তার পারফরম্যান্স। ফলে শান মাসুদকে রেখে টপ-অর্ডারে আবিদকেই বেছে নিয়েছেন নির্বাচকরা।

ক্রিকেটে আবিদের আদর্শ শচীন। নিজের প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখা করার খুব ইচ্ছা তার, “যেদিন টেন্ডুলকারের সঙ্গে দেখা হবে, সেদিন হবে আমার জীবনের সেরা দিন। তার সঙ্গে দেখা হলে অবশ্যই আমি তাকে আলিঙ্গন করব।”

“আমি নিশ্চিত, অন্য বড় মাপের ক্রিকেটারদের মতো তিনিও আমার মতো নতুন ক্রিকেটারকে খালি হাতে ফেরাবেন না। আমি নিশ্চিত, ক্রিকেট সংক্রান্ত কোনো প্রশ্ন করলে তিনি ইতিবাচক জবাবই দেবেন।”

“ক্রিকেট জীবনের প্রথম দিন থেকে আমি শচীনের ব্যাটিং টেকনিক অনুসরণ করেছি। সত্যি বলতে, শচীনের খেলা দেখার পর তার মতো ব্যাটিং করার চেষ্টাও করেছি।...শচীনের সঙ্গে দেখা হলে ব্যাটিং নিয়ে কিছু পরামর্শ চাইব। যাতে আমি সামগ্রিকভাবে নিজের খেলায় উন্নতি ঘটাতে পারি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত