খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ক্ষেত্রপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাঘাইছড়ি সেনাজোনের একটি টহলদল ওই এলাকায় গেলে সন্ত্রাসীরা পিস্তল দিয়ে গুলি চালাতে উদ্যত হলে সেনাবাহিনীর সদস্যরা তার আগেই গুলি চালায়। এতে শুদ্ধজয় চাকমা (৪৫) নামে একজনের পায়ে গুলি লাগে। রিফেল চাকমা (২৫) নামে আরো একজন আহত হয়। তখন তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, দা, চাঁদা আদায়ের রশিদ ও নগদ টাকা উদ্বার করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, তারা অস্ত্রের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি করে আসছিল। প্রত্যেকেই ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সদস্য বলে দাবি করেছে পুলিশ।