আলবেনিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরে পেট্রলবোমা হামলা

আপডেট : ১২ মে ২০১৯, ১১:২৮ পিএম

আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রমা’র দপ্তরে গত শনিবার দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীরা পেট্রলবোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি। পেট্রলবোমাটি প্রধানমন্ত্রীর দপ্তরের প্রবেশপথে বিস্ফোরিত হয়।

পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বিক্ষোভকারীরা। এ সময় উভয় পক্ষের প্রায় ডজনখানেক আহত হন। গ্রেপ্তার করা হয় বিরোধী দলের এক নেতাকে।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে জালিয়াতি ও দুর্নীতির দায়ে তিন মাস ধরে বর্তমান প্রধানমন্ত্রী ইদি রমা’র পদত্যাগের দাবি জানিয়ে আসছে বিক্ষোভকারীরা। এর মধ্যেই শনিবারের বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটে। এ সময় গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা সেøাগান দেয়, আমরা একটি ইউরোপিয়ান আলবেনিয়া চাই।

এদিকে বিরোধীদের অবস্থানকে অন্ধ নীতি হিসেবে আখ্যায়িত করেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিরোধীরা সরকারের পদত্যাগের দাবি তুলছে, যা দুঃখজনক। তাদের আগুন সরকারের নয়; বরং দেশের ক্ষতি করেছে।

বিরোধী এমপিরা পার্লামেন্ট বর্জন করছেন। শনিবার প্রধানমন্ত্রীর দপ্তরে পেট্রলবোমা হামলার পর ভবিষ্যতে আরও বড় ধরনের বিক্ষোভের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা লুলজিম বাশা।

বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, যতদিন পর্যন্ত সরকার আলবেনিয়াকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন রাখবে যতদিন ততদিন এই লড়াই অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত