'দরিদ্র কাশেম চাচার' ধান কাটলেন শোভন-রাব্বানী

আপডেট : ২৩ মে ২০১৯, ০৬:২৫ পিএম

সাভারের আমিনবাজারের পর এবার মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষকের ধান কেটেছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। 

বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে ছবিসহ এ তথ্য জানিয়েছেন গোলাম রাব্বানী।

এ সময় তার সঙ্গী ছিলেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তাদের দুজনের ছবি রাব্বানী নিজের ফেসবুকে পোস্ট করেন।   

তিনি লেখেন, 'দরিদ্র ধান চাষী আবুল কাশেম চাচার ডাকে সাড়া দিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলীতে....'।

বুধবার রাজধানীর অদূরে আমিনবাজার এলাকায় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটেছেন বলে জানা গেছে।

এর আগে বুধবার এক বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের কৃষকের ধান কেটে দেওয়ার আহ্বান জানান হয়। 

ধানের ন্যায্য দাম না পাওয়ায় দেশের অনেক জায়গার কৃষক ধান কাটছেন না। কিছু জায়গায় ধানে আগুন দেওয়ার ঘটনাও ঘটছে। এ অবস্থায় কৃষকের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা কৃষকের ধান কেটে দিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত