পাকিস্তানের শহিদ আফ্রিদি ও ভারতের গৌতম গম্ভীরের কথার লড়াই নতুন কিছু নয়। দুই জনই ক্রিকেটের সাবেক তারকা। কিন্তু কথার লড়াই থেমে নেই তাদের। ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্কে গম্ভীরের নেতিবাচক মন্তব্যে তাকে এবার ‘বেকুব’ বলতেও ছাড়লেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি।
সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি আসন থেকে নির্বাচিত হয়েছেন গম্ভীর। কঠিন দুই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বড় ব্যবধানের জয়োল্লাসে মেতেছেন ক্রিকেট ছেড়ে রাজনীতিতে নাম লেখানো ভারতের সাবেক এই ওপেনিং ব্যাটসম্যান।
সম্প্রতি কশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার ভারতের আধাসামরিক বাহিনীর অর্ধশতাধিক সদস্য প্রাণ হারায়। এ জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত সরকার। ওই ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কে ছেদ ঘটানোর দাবি তুলেন গম্ভীর। চির প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কোনো ধরনের ক্রিকেটীয় সম্পর্কও না রাখার দাবি তুলেন তিনি।
ভারত-পাকিস্তান ক্রিকেট নিয়ে গম্ভীরের এসব মন্তব্য সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আফ্রিদির সামনে তুলে ধরেন এক সাংবাদিক। ওই সাংবাদিক জানান, গম্ভীর বলেছেন পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা উচিত নয়। এমনকি কিছু পয়েন্ট হারালেও না। যেহেতু পাকিস্তানের কারণে তাদের সৈনিকরা প্রাণ হারিয়েছেন তাই দেশটির সঙ্গে তাদের খেলা উচিত না। ফাইনাল পর্যায়ের কোনো খেলা হলেও ভারতের তা পরিহার করা উচিত। আপনি কী বলেন?
জবাবে আফ্রিদি বাজে ভাষায়ই উত্তর দিলেন। গম্ভীরকে ‘বেকুপ’ বলতে এক মুহূর্ত সময়ও নেননি। ৩৯ বছর বয়সী আফ্রিদির ভাষায়, গম্ভীর অশিক্ষিত ও অবিবেচকের মতো কথা বলেছেন।
“আপনি কী মনে করেন, কথাগুলো বলার সময় গম্ভীর তার বিবেক খাটিয়েছে? কোনো বিবেকবান মানুষ কী এসব বলতে পারে? কোনো শিক্ষিত মানুষ এসব বলতে পারে?।”
সম্প্রতি প্রকাশিত হয়েছে আফ্রিদির আত্মজীবনী ‘গেম চেঞ্জার’। তাতেও গম্ভীরকে ব্যক্তিত্বহীন বলে উল্লেখ করেছেন তিনি।
জবাবে আফ্রিদিকে মানসিক রোগী বলেন ভারতের সাবেক অধিনায়ক। আফ্রিদিকে মানসিক হাসপাতালে নিয়ে যাবেন বলেও জানান ৩৭ বছর বয়সী গম্ভীর।