বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
টসের পর টাইগারদের অধিনায়ক বলেন, "আমরা প্রথমে বোলিং করবো। গত কয়েকদিন ধরে উইকেট ঢাকা ছিল। আমাদের গত ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। ভারত টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। ম্যাচটি কঠিন হবে। দেখা যাক কী হয়।"
ভারতের অধিনায়ক বিরাট কোহলিও জানিয়েছেন, টসে জিতলে তিনিও প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিতেন।
কার্ডিফের এই ম্যাচটির মধ্য দিয়ে নিজেদেরকে আরো শাণিয়ে নেওয়ার লক্ষ্য টাইগারদের। বৃষ্টির কারণে একই ভেন্যুতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়।
টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটিতে জয় চায় বাংলাদেশ। জয় পেতে মরিয়া ভারতও। কেননা নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হার মেনে মূল টুর্নামেন্টের আগে হোঁচট খেয়েছে বিরাট কোহলির দল।
ম্যাচটির আগে বাংলাদেশ শিবির দারুণ ফুরফুরে। ইংল্যান্ডের মাটিতে পা রাখার আগে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা। বহুজাতিক টুর্নামেন্টে এটাই টাইগারদের প্রথম শিরোপা। দলের সব খেলোয়াড় আছেন দারুণ ফর্মে।
তবে ভারতের সঙ্গে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের রেকর্ড তেমন একটা ভাল নয়। ৩৬টি ম্যাচ খেলেছে দু’দল। মাত্র পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ, ২৯ জয় ভারতের। একটি ম্যাচ পরিত্যক্ত ও আরেকটিতে ফলাফল পর্যন্ত পৌঁছেনি। সবশেষ চার বছর আগে টানা দুই ম্যাচ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ দল। এরপর টানা চারটি গুরুত্বপূর্ণ ওয়ানডে হারে তারা। এর মধ্যে অবশ্য মাশরাফীবাহিনীর শক্তি অনেক বেড়েছে। তাই এবার ভারতের বিপক্ষে উজ্জীবিত এক বাংলাদেশকে দেখবে ক্রিকেট বিশ্ব।
