মুদ্রার উল্টো পিঠটা দেখে ফেললেন চাহাল

আপডেট : ৩০ জুন ২০১৯, ০৮:২৬ পিএম

কবজির জাদুতে প্রতিপক্ষকে নিয়মিত নাকানি-চুবানি খাওয়ান যুজবেন্দ্র চাহাল। তবে রোববার ইংল্যান্ডের বিপক্ষে মুদ্রার অন্য পিঠটা দেখতে হলো তাকে। ১০ ওভার বল করে ৮৮ রান ব্যয় করে কোনো উইকেট পেলেন না। বিশ্বকাপের মঞ্চে কোনো ভারতীয় বোলারের এটিই সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড।

বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু ম্যাচটি ইংল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে তাদের। আগে ব্যাট করে ৭ উইকেটে ৩৩৭ রানের শক্ত পুঁজি গড়েছে দলটি।

ম্যাচ জুড়েই সংগ্রাম করতে হয়েছে ভারতীয় বোলারদের। ইংলিশদের বিপক্ষে স্পিন কার্যকর হবে এমন ভাবনাও ভুল প্রমাণিত হয়েছে। শেষ ভাগে অবশ্য দারুণ সফল ছিলেন মোহাম্মদ শামি। জসপ্রিত বুমরাহও বেশ ভালো করেছেন। তবে লেগ স্পিনার চাহাল ও চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকে পাত্তাই দেয়নি ইংলিশরা।

কুলদীপ তবু ১০ ওভার বল করে ৭২ রান ব্যয়ে একটি উইকেট পেয়েছেন। তবে চাহাল ছিলেন একেবারেই বিবর্ণ। এদিন তার বোলিং স্পেল ১০-০-৮৮-০।

২০০৩ বিশ্বকাপে জাভাগাল শ্রীনাথ ১০ ওভার বল করে ৮৭ রান খরচায় উইকেটশূন্য ছিলেন। এদিন তার চেয়ে এক রান বেশি খরচ করে অপ্রত্যাশিত রেকর্ডটা নিজের করেছেন চাহাল।

বিশ্বকাপের ভারতের পক্ষে সবচেয়ে বেশি রান খরচের তালিকায় তৃতীয় স্থানে আছেন কারসান ঘাবড়ি। ১৯৭৫ বিশ্বকাপে ১১ ওভার (৬০ ওভারের ম্যাচ) বল করে ৮৩ রান ব্যয় করেছিলেন তিনি। ২০১৫ বিশ্বকাপে রবিচন্দ্রন অশ্বিন ৭৫ রান খরচা করেন। তালিকায় এখন তার অবস্থান চতুর্থ। একই বিশ্বকাপে মোহিত শর্মা সমান ৭৫ রান ব্যয় করে আছেন পঞ্চম স্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত