নীলফামারীর ডিমলায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে ডিমলা উপজেলায় আসামিদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযুক্ত আসামি।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের খালিশাচাপানী গ্রামের মৃত ইব্রাহিম মুন্সীর ছেলে মো. একরামুল হক (৭৮), ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের মৃত সাহাদত উল্লাহর ছেলে মো. আব্দুস ছাত্তার (৭৯), বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আব্দুল খালেক (৭১), গয়াবাড়ি গ্রামের বক্তার উদ্দিনের ছেলে মো. মোকলেছার রহমান ওরফে খোকা (৭৬), উকিলপাড়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে মো. শহীদুল্লাহ্ সরকার (৭০), গয়াবাড়ি গ্রামের মৃত নফির উদ্দিন ওরফে ফেসু মুন্সীর ছেলে (বর্তমান ঠিকান; ডিমলা সদরের বাবুরহাট গ্রাম) মো. নুরুল হক (৬৫) এবং খগাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খগাখড়িবাড়ী গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মো. শাহাদৎ হোসেন (৬৮)।
নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৭ সালের ২০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় অভিযোগ করা হয়। পরবর্তীতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ২০১৯ সালে ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। ওই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে মঙ্গলবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। আজই তাদের ঢাকায় পাঠানো হবে।’
