বিএইউএসটিতে গবেষণার নতুন দিগন্ত, রিসার্চ সোসাইটির যাত্রা শুরু

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম

উচ্চশিক্ষায় গবেষণার চর্চা বাড়ানো, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক একাডেমিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) যাত্রা শুরু করেছে ‘বিএইউএসটি রিসার্চ সোসাইটি’ (বিআরএস)।

রবিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের (আরপিসি) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।

অনুষ্ঠানে গবেষণার গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এ কে এম নুরুল আমিন। এতে সভাপতিত্ব করেন রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের পরিচালক সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ এনামুল হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় কেবল পাঠদান ও ডিগ্রি অর্জনের জায়গা নয়; নতুন জ্ঞান সৃষ্টি, গবেষণা এবং উদ্ভাবনেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ তৈরি এবং তাদের সৃজনশীল চিন্তাকে বাস্তবমুখী করতে এ ধরনের সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তারা আশা প্রকাশ করে বলেন, বিএইউএসটি রিসার্চ সোসাইটি শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক জ্ঞান বিনিময় ও সহযোগিতার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি এবং আন্তবিষয়ক গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে সংগঠনটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. মো. শামীম রেজা, রেজিস্ট্রার কর্নেল (অব.) চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ ও দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের পরিচালক সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ এনামুল হক বলেন, সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রাকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম এগিয়ে নেওয়ার একটি নতুন উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গবেষণার সংস্কৃতি গড়ে উঠবে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও সমৃদ্ধ হবে। 

 

 

 


--

 

সর্বশেষ সর্বাধিক পঠিত