এরশাদের শারীরিক অবস্থার উন্নতি নেই

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০১:৪১ পিএম

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন, তিন দিন ধরে সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এরশাদের শারীরিক সর্বশেষ অবস্থা গণমাধ্যমকে ব্রিফিং করেন জি এম কাদের।

চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, “চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী শারীরিক উন্নতি হচ্ছে না এরশাদের। তবে সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকেরা সাবেক রাষ্ট্রপতিকে বিশ্বমানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।”

জি এম কাদের বলেন, “হাসপাতালের চিকিৎসকেরা দেশি-বিদেশি বিশেষজ্ঞের সঙ্গে আলাপ-আলোচনা করেই এরশাদের চিকিৎসা দিচ্ছেন। সিএমএইচের চিকিৎসকেরা মনে করলেই তাকে বিদেশ নেওয়া হবে অথবা, বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকা হবে।”

এরশাদের ফুসফুসের সংক্রমণ প্রত্যাশা অনুযায়ী কমছে না। প্রয়োজন অনুযায়ী কিডনি কাজ করছে না, এ কারণে তার শরীরে কিছুটা পানি জমেছে। এমনটাও জানালেন তিনি।

শুক্রবার দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন জি এম কাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত