ইনডোর এশিয়া কাপ হকিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে হার মানে রাসেল মাহমুদ জিমি, ফরহাদ আহমেদ শিতুলরা।
ফিলিপাইনকে বড় ব্যবধানে হারানোর আত্মবিশ্বাস নিয়ে বৃহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে নামে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে টুর্নামেন্টের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ ছিল লাল-সবুজের প্রতিনিধিদের।
কিন্তু প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে শিতুল-আশরাফুলরা। দ্বিতীয়ার্ধে প্রতিরোধ গড়লেও আরো একটি গোল হজম করে। পরে মঈনুল ইসলাম কৌশিক একমাত্র গোলটি করলে ব্যবধান কমে।
থাইল্যান্ডের পক্ষে জোড়া গোল করেন কাম্পানথোং থানপ। অন্য গোলটি আসে বুনপেয়া ওয়ারুসের স্টিক থেকে।
পাঁচ দলের গ্রুপে চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপে চতুর্থ স্থানে থাকল বাংলাদেশ। গ্রুপের বাকি দলগুলোর একটি করে ম্যাচ বাকি রয়েছে।
শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ’ডের পর বাংলাদেশ চতুর্থ স্থানে থাকলে শনিবার অপর গ্রুপের চতুর্থ দলের সঙ্গে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পাবে।
নিজেদের প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ৬-০ ও ইরানের বিপক্ষে ৮-০ গোলে হার মানে জিমি-শিতুলরা। এরপর নিজেদের তৃতীয় ম্যাচে ফিলিপাইনকে হারায় ৯-০ গোলে।
