ভালো কাজের সন্ধানে ও পথ ভুলে অবৈধপথে ভারতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়ে এক থেকে সাড়ে তিন বছর মেয়াদে আটক থাকার পরে বাংলাদেশি দুই কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
গতকাল বুধবার বেলা ১১টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি শিপ্রা রায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টের এএসআই মোত্তালেব হোসাইনের কাছে তাদের হস্তান্তর করেন। এ সময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার এসআই মানিক চান্দ উপস্থিত ছিলেন।
দেশে ফিরে আসা দুই কিশোর হলো দিনাজপুরের কোতোয়ালি থানার কমলাপুর গ্রামের মোস্তফা কামাল (১৬) ও গাজীপুরের কালীগঞ্জ থানার চরপাড়া গ্রামের সিয়াম মিয়া (১৬)। মোস্তফা কামাল ভারতের বালুরঘাট শিশু শোধনাগারে তিন বছর সাত মাস আটক ছিল এবং সিয়াম উত্তর দিনাজপুরের সিএনসিপি বয়স হোমে এক বছর এক মাস আটক ছিল। এএসআই মোত্তালেব হোসাইন জানান, সাড়ে তিন বছর আগে ভালো কাজের সন্ধানে জয়পুরহাটের পাঁচবিবির চেচড়া সীমান্ত এলাকা দিয়ে মোস্তফা কামাল কোনো কাগজপত্র ছাড়াই অবৈধপথে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে আদালতে উপস্থাপন করলে বয়স কম হওয়ার কারণে আদালত তাকে শিশু শোধনাগারে রাখার নির্দেশ দেয়। আর সিয়াম পথ ভুলে পঞ্চগড় সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে আদালতে উপস্থাপন করলে তাকেও বয়স হোমে রাখার নির্দেশ দেয় আদালত। এরপর ওই দুই কিশোর ভারতের বালুরঘাট শিশু শোধনাগার ও উত্তর দিনাজপুরের সিএনসিপি বয়স হোমে আটক ছিল। পরে দুই দেশের মধ্যে কাগজপত্র আদান-প্রদানের পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে গতকাল তাদের মুক্তি হলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ওই দুই কিশোরকে আমাদের কাছে হস্তান্তর করে। পরে আমরা তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দিয়েছি, তারা তাদের বাড়ি ফিরে গেছে।