পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হতে চান কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস। এ জন্য তিনি আবেদনও করেছেন বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
ইংল্যান্ডে বিশ্বকাপের পর পরই প্রধান কোচ মিকি আর্থার ও বোলিং কোচ আজহার মাহমুদসহ কোচিং স্টাফের অনেকের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন কোচের জন্য বিজ্ঞপ্তিও ছেপেছে তারা। তাতে বোলিং কোচ হতে আবেদন করেছেন ওয়াকার।
৪৭ বছর বয়সী ওয়াকার এর আগে দুই মেয়াদে পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। এবার বোলিং কোচ আজহার মাহমুদের উত্তরসূরি হতে চাইছেন তিনি।
এদিকে, পাকিস্তানের প্রধান কোচ হওয়ার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন মিসবাহ-উল-হক। জাতীয় দলের সাবেক এ অধিনায়ককে পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে দলটির অনুশীলন ক্যাম্পের দায়িত্ব দিয়েছে।
