পটুয়াখালীর কলাপাড়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে আমিরুল মুন্সি (৪০) নামে এক অটোচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় আলাউদ্দীন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ আমিরুল মুন্সিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে।
স্থানীয়রা জানায়, পাখিমারা বাজারের প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বের একটি বাগানে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ করে অটোচালক আমিরুল। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আমিরুলকে আদালতে পাঠানো হয়েছে। ওই নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৪ জুলাই রাত ১০টার দিকে পাখিমারা বাজারে আরেক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে কবির সিকদার (৫৫) নামে একজনকে আটক করে আদালতে সোপর্দ করে থানা পুলিশ। আদালত কবির শিকদারকে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণ করে।
