হকিতে একেবারেই নতুন বাংলাদেশের মেয়েরা। এখনো আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেনি। সেপ্টেম্বরে সিঙ্গাপুরে এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্ট হবে বাংলাদেশের মেয়েদের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট।
বড় আসরে খেলতে যাওয়ার আগে ভারতের সাই একাডেমির মেয়েদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। ছয় ম্যাচের পঞ্চমটি অনুষ্ঠিত হয়েছে সোমবার। যে ম্যাচে লড়াকু মেজাজে দেখা গেল বাংলাদেশের মেয়েদের।
আগের দিন গোল করার নজির গড়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ম্যাচটি হেরেছিল ৯-৩ গোলে। সোমবার অবশ্য হারের ব্যবধান মাত্র ২-১। এদিন এগিয়ে গিয়েও পরাজয়ের বেদনায় পুড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মাত্র ৯ মিনিটেই লিড নিয়েছিল বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করেন জুরাইয়া ফেরদৌস। তবে সে লিড ২ মিনিট স্থায়ী হয়। লোতিয়া মেরির ফিল্ড গোলে সমতায় ফেরে সাই একাডেমি। ১-১ গোলের সমতায় নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে প্রতিরোধের দেয়াল গড়ে বাংলাদেশ। ৪৩ মিনিটে লোতিয়া মেরির দ্বিতীয় গোলে ২-১ এর কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। সিরিজের শেষ ম্যাচ বুধবার। একই মাঠে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।