ইমরানের অফিসের বিল বকেয়া, বিদ্যুৎ সংযোগ কেটে নেওয়ার নোটিশ

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০৫:৩৬ পিএম

বিল বকেয়া থাকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অফিসের বিদ্যুৎ সংযোগ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ।

বকেয়া বিল জন্য একাধিকবার নোটিশ দিয়েও তা পরিশোধ না করায় এমন পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (আইইএসসিও)। 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খালিজ টাইমস জানায়, বুধবার ইমরান খানের অফিসে একটি নোটিশ পাঠায় আইইএসসিও কর্তৃপক্ষ । তাতে বলা হয় বকেয়া বিল না দিলে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে।

জানা যায়, গত মাসে বকেয়া বিলের পরিমাণ ছিল ৩৫ লাখ রুপি। সেটা চলতি মাসে গিয়ে দাঁড়িয়েছে ৪১ লাখে। বিদ্যুৎ কোম্পানির তরফ থেকে বকেয়া পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেয়নি ইমরানের অফিস।

আইইএসসিওর এক ঘনিষ্ঠ সূত্র জানায়, সচিবালয়ে এই সমস্যা বারবার ঘটছে। বকেয়া বিল পরিশোধ না করা হলে আমরা বিদ্যুৎ সংযোগ কেটে দেব।

তবে বিল পরিশোধ নিয়ে পাক প্রধানমন্ত্রী অফিস কী ব্যবস্থা নিয়েছে সেটি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে লোডশেডিংয়ের সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তানের লোডশেডিং সমস্যা অন্যতম।  এমন দেখা গিয়েছে, গরমের সময় দিনের অর্ধেকটা সময়ই বিদ্যুৎ ছাড়াই কাটাতে হচ্ছে পাকিস্তানের মানুষকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত