মেহেরপুরে বিলে ২ মাছচাষিকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৪ এএম

মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের শোলমারী বিলে দুই মাছচাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন– ওই গ্রামের প্রয়াত ইদ্রিস আলী মাস্টারের ছেলে রোকনুজ্জামান (৩৬) ও আজাদ আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ হাসান আলী (৪২)। সম্পর্কে তারা চাচাত ভাই। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের ধারণা।

মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, প্রতি রাতের মতোই বুধবার রাতেও বিলের খোঁজ নিতে যান রোকন ও হাসান। এ সময় দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই তারা নিহত হন বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনিসহ সদর থানা ও ডিবি পুলিশের দুটি দল। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এর সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করা হবে বলে তিনি দাবি করেন। 

নিহতদের বাড়িতে গেলে স্বজনদের ‘তোরা ভালো থাক, তোদের শান্তি হোক’ বলে বিলাপ করতে দেখা যায়। কিন্তু কাদের ভালো থাকার কথা বা কাদের শান্তির কথা বলছেন নিহতদের স্বজনরা এ বিষয়ে কেউই মুখ খুলতে চায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রোকন ও হাসানের বাড়ির পাশেই বিল। নাম শোলমারী বিল। ওই বিলে বেশ কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছিলেন তারা। তবে বিলের দখলিস্বত্ব নিয়ে গ্রামে দুই দলের মধ্যে দ্বন্দ্ব আছে দীর্ঘদিনের। এ কারণে প্রতি রাতেই রোকন ও হাসান আলী কয়েকজন লোক সঙ্গে নিয়ে বিল পাহারা দিতেন। কিন্তু হত্যাকাণ্ডের সময় তারা ছিলেন দুজনই ঘুমন্ত অবস্থায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত