বান্দরবানের রুমা উপজেলার সামাখাল পাড়া থেকে ৬ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। রোববার দুপুর এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে সামাখাল পাড়ায় ১০-১২ জনের একটি সশস্ত্র গ্রুপ সদর ইউপি চেয়ারম্যান শৈমং মার্মার খোঁজে আসে। তাকে না পেয়ে পাড়ার ৬ জনকে ধরে নিয়ে যায়।
এ সময় অপহরণের আতঙ্কে গ্রামের পুরুষেরা নানা জায়গায় পালিয়ে গেছেন বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী।
পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি জানান, পাড়ার জুম চাষি থোয়াইহ্লাচিং (৫৬), প্রুসিঅং (৪৩), চিংথোয়াইমং (৩২), মংগ্যাই (৩২), উলামং (৫০) ও মংরুইকে (৪৫)কে অপহরণ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান শৈমং মারমা রোববার সন্ধ্যায় জানান, সন্ত্রাসীরা ৬ জনকে ধরে নিয়ে গেছে বলে শুনেছি। তাদের উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। তবে পাড়ার লোকজনের সাথে ঠিকমতো যোগাযোগ করতে না পারায় অপহৃতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হতে পারিনি।
রুমা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম জানান, আমরা খবর পেয়েছি। অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। তবে পাড়ার লোকদের অনেকেই ভয়ে আত্মগোপনে থাকায় কারা অপহৃত হয়েছে বা কয়জন অপহৃত হয়েছে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
