ভারত যাওয়ার চেষ্টাকালে যশোরে দুই রোহিঙ্গা তরুণীসহ চারজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে যশোর শহরের মণিহার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন– চট্টগ্রামের চকোরিয়া ফিরিঙ্গা কোচপাড়ার বাসিন্দা ব্রিটিশ ক্যারিয়ার কাউন্সিলের প্রশিক্ষক আব্দুর রহমান (৩৫), মণিহার এলাকার ক্যাফে জান্নাত হোটেলের কর্মচারী জাকির হোসেন (১৯), কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের তাছলিমা ওরফে কাওসার বিবি (২৮) ও ঠেংরালী ক্যাম্পের আঞ্জুমান (২৯)। তবে আব্দুর রহমানের সহযোগী মাহমুদুল্লাহ হককে (৩৫) পুলিশ আটক করতে পারেনি।
আটক আবদুর রহমান জানান, বন্ধু মাহমুদুল্লাহ হকের পাল্লায় পড়ে তিনি এক সপ্তাহের জন্য রোহিঙ্গা তরুণীদের নিয়ে আনন্দ করতে ভারত যাচ্ছিলেন। কিন্তু অনেক চেষ্টা করেও বেনাপোল সীমান্ত পার হতে পারেননি।
যশোর সদর ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে আবদুর রহমান ও মাহমুদুল্লাহ হক দুই রোহিঙ্গাকে নিয়ে সোমবার যশোরে আসেন। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বিপদ বুঝতে পেরে শহরে ফিরে আসেন। রাতে মণিহারের ক্যাফে জান্নাত হোটেলে খাবার খেয়ে কর্মচারী জাকির হোসেনের মাধ্যমে রাত কাটানোর চিন্তা করেন। এরই মধ্যে গোপন খবরে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী ওই হোটেল থেকে তাদের আটক করেন। আবদুর রহমান ও জাকির হোসেনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে। রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি।