দুর্নীতি ও অপশাসনে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে : নোমান

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১০:০১ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেছেন, সরকারের দুর্নীতি, অপশাসন, ব্যর্থতায় দেশে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছে। তাই পালানোর পথ খুঁজছে। কিন্তু জনগণ পালানোর সুযোগ দেবে না।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া মঞ্চের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গত ২৯ সেপ্টেম্বর সংগঠনটির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। ঐদিন বিভাগীয় সমাবেশ থাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পিছিয়ে গতকাল পালন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে নোমান বলেন, সরকার দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ক্যাসিনোতে অভিযান পরিচালনা করছে। অথচ ক্যাসিনোর চেয়ে বড় দুর্নীতি ব্যাংকগুলোতে হয়েছে। সরকারের লোকজন এ দুর্নীতির সঙ্গে জড়িত।  

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, সরকারের প্রতিটি সেক্টরে দুর্নীতি হচ্ছে। অথচ শুধুমাত্র ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এর বাইর শেয়ার মার্কেট কেলেঙ্কারি, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, পরিবহন সেক্টরসহ কোন সেক্টরে নেই দুর্নীতি?

দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে নোমান বলেন, সরকার দুর্নীতিবিরোধী অভিযানের নামে শুধুমাত্র দুইএকজন চুনোপুঁটি ধরেছে। তাদের কাছ থেকে শত কোটি টাকা উদ্ধার করা হচ্ছে। চুনোপুঁটিদের কাছ থেকে এত টাকা উদ্ধার হলে সরকারের রাঘব-বোয়ালদের কাছে কত টাকা আছে? কানাডায় যারা বেগম পল্লী করেছেন তারা কত টাকা পাচার করেছেন? 

এ সময় সরকারবিরোধী আন্দোলন সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল। সভা পরিচালনা করেন খলিলুর রহমান বাবু। বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মৎস্যজীবী দলের নেতা নাদিম চৌধুরী, তাঁতী দলের নেতা মো. মোস্তফাসহ সংগঠনটির নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত