মাদারীপুরে এক কিশোরীর অসংগতিপূর্ণ ছবি ফেইসবুকে ছড়ানোর অভিযোগে ইব্রাহিম মিয়া রনি (২৩) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার মহিষেরচর এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৮-এর একটি দল। তার বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে মোবাইলে ওই কিশোরীর অসংগতিপূর্ণ ছবি ধারণ ও ফেইসবুকে তা ছড়ানোর অভিযোগ আনা হয়।
র্যাব জানায়, তিন বছর আগে ওই কিশোরীর সঙ্গে ইব্রাহিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে তাদের মধ্যে বিভিন্ন সময় ভিডিওকলে কথা হতো। সেই সুযোগ কাজে লাগিয়ে কিশোরীর কিছু অসংগতিপূর্ণ ছবি তাকে না জানিয়ে নিজের মোবাইলে ধারণ করেন ইব্রাহিম। পরে তিনি ওই কিশোরীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া একটি ফেইসবুক আইডি খোলেন। এরপর তার কাছে থাকা ওই ছবিগুলো ফেইসবুক ও ইমোতে ছড়িয়ে দেন তিনি। এ ঘটনায় মাদারীপুর র্যাব-৮-এর কাছে অভিযোগ করে ওই ভুক্তভোগী ও তার পরিবার।
র্যাব-৮-এর মাদারীপুর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম সবকিছু স্বীকার করেছেন। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল জব্দ করা হয়। ওই মোবাইলে ভুক্তভোগীর নামে ভুয়া ফেইসবুক আইডি, ইমো ও মেসেঞ্জারে অসংগতিপূর্ণ ছবি ছড়িয়ে দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।’
